ফ্রিজে সাইবার হামলার পেছনে ইরানের হাত, অভিযোগ ফ্রান্সের

ডেস্ক, রাজনীতি ডটকম
গত মাসে ফ্রান্সের সুপারমার্কেটে শত শত ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে পড়ার পেছনে ইরানের সাইবার হামলাকে দায়ী করছে দেশটির কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত
গত মাসে ফ্রান্সের সুপারমার্কেটে শত শত ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে পড়ার পেছনে ইরানের সাইবার হামলাকে দায়ী করছে দেশটির কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

সুপারমার্কেটের শত শত ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার জন্য ইরানের বিপ্লবী গার্ড কোরকে (আইআরজিসি) দায়ী করেছে ফ্রান্স। গত মাসে দেশ জুড়ে বাণিজ্যিক শীতলীকরণ ব্যবস্থায় চালানো ওই হামলার ঘটনায় সোমবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তেহরানের বিরুদ্ধে অভিযোগ তোলে ফরাসি কর্তৃপক্ষ। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারিও দিয়েছে ফ্রান্স।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জানিয়েছেন, এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তিনি বলেন, হামলার পরিণতি ইরানকে ভোগ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকেও নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ১১ অক্টোবরের ওই সাইবার হামলায় ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। হ্যাকাররা দূর থেকে তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় অনেক জায়গায় সংরক্ষিত খাবার নষ্ট হয়ে যায়। কোনো কোনো ফ্রিজের তাপমাত্রা এত বেশি বেড়ে যায় যে সেগুলোতে আগুন ধরে যায়। পরে কর্মীদের নষ্ট হয়ে যাওয়া মাংস ও গলে যাওয়া আইসক্রিম বড় বড় বর্জ্যপাত্রে ফেলতে হয়।

একজন ফরাসি সুপারমার্কেট মালিকের হিসাব অনুযায়ী, দেশ জুড়ে এই হামলায় মোট ক্ষতির পরিমাণ কয়েক কোটি ইউরোতে পৌঁছাতে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, হামলাটি চালানো তুলনামূলক সহজ ছিল। ক্ষতিগ্রস্ত অনেক যন্ত্র ছিল পুরোনো, অথবা সেগুলোতে হালনাগাদ নিরাপত্তাব্যবস্থা বা ফার্মওয়্যার ছিল না। ফলে হ্যাকারদের জন্য ব্যবস্থায় প্রবেশের সুযোগ তৈরি হয়। তবে ফরাসি কর্তৃপক্ষ কী ধরনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানকে দায়ী করেছে, তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ইরানের জাতিসংঘ মিশন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তেহরান সাধারণত এ ধরনের সাইবার হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে।

ফ্রান্সের অভিযোগের কয়েক দিন আগেই ইউরোপের বিভিন্ন দেশে একই ধরনের হামলার দ্বিতীয় ঢেউয়ের খবর পাওয়া যায়। চলতি মাসে ইউরোপের শতাধিক প্রতিষ্ঠানের শীতলীকরণ ব্যবস্থা আক্রান্ত হয়। এমনকি ফ্রান্সের কয়েকটি ব্লাড ব্যাংকে ব্যবহৃত ফ্রিজও আক্রান্ত হয়। ফলে কিছু রক্ত অন্য সংরক্ষণাগারে সরিয়ে নিতে হয়।

এ ঘটনার আগে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতেও একই ধরনের সমস্যার খবর পাওয়া গিয়েছিল। আগস্টে অন্তত ছয়টি সামরিক কমিসারির ফ্রিজ অকার্যকর হয়ে পড়ে। পেন্টাগন ঘটনাটিকে সম্ভাব্য সাইবার হামলা হিসেবে তদন্ত করছে। ওই ঘটনায় ইরানকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হলেও তদন্ত এখনো শেষ হয়নি।

ইউরোপের বিভিন্ন দেশে ধারাবাহিক এসব হামলার পেছনে একই পক্ষের হাত রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে সাইবার হামলার বিস্তার নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad