শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি পাওয়ার উদ্যোগ হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আইনি উদ্যোগকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, একজন পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। তবে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক দাবি জানাবে সরকার।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হুমায়ুন কবির। শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না।’ তবে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়ার কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘একজন পলাতক আসামিকে নতুন করে ভ্রমণ নথি দেওয়ার প্রশ্নই ওঠে না। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার আইনি উদ্যোগ হাস্যকর। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সাধারণ কোনো যাত্রীর মতো দেখার সুযোগ নেই। শেখ হাসিনা ইতোমধ্যে মৃত্যুদণ্ডে দণ্ডিত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও একাধিক বিচারিক কার্যক্রম চলমান, যেগুলোতে সর্বোচ্চ শাস্তির সম্ভাবনাও রয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আমরা দাবি জানাব। তাকে ফেরত পাওয়া গেলে যথাযথ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে কারাগারে নেওয়া হবে।’

সম্প্রতি দিল্লিতে অবস্থান করে আইনজীবী ও আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনা আবেদন করেছেন বলে খবর দেয় বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, কোনো আইনজীবী বা বিদেশি ল ফার্মের পক্ষ থেকে আইনি নোটিশ বা প্রতিনিধিত্ব করলেই শেখ হাসিনার বর্তমান আইনি অবস্থার পরিবর্তন হবে না।

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার সরকারের সময়ে মাত্র ছয় সপ্তাহে প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হয়েছেন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী, সলিসিটর ও জনসংযোগ প্রতিষ্ঠানের কাজ করার বিষয়েও সমালোচনা করেন হুমায়ুন কবির। তার দাবি, রাষ্ট্রীয় সম্পদ থেকে লুট করা অর্থ ব্যবহার করে বিদেশে আইনজীবী ও লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা হচ্ছে।

যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি জনসংযোগ প্রতিষ্ঠান ভুল তথ্য প্রচারের কারণে ব্রিটিশ সংসদ সদস্যদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল এবং পরে তাদের সরে যেতে হয়। যুক্তরাজ্যের ৬৫০ জন এমপির মধ্যে মাত্র কয়েকজন শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। বাংলাদেশে ফেরার তার একমাত্র পথ হবে ভারত থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ।

রয়টার্সের খবরে বলা হয়, শেখ হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য একটি চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, ২০২৪ সালের পর অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। গত ১০ জুলাই রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। এরপর বিভিন্ন সময়ে তিনি ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। সোমবার তার সহকারীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর আগে একাধিকবার বলা হয়েছে, দেশে ফিরলে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে। তার প্রত্যর্পণের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে। তবে ভারত এখন পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্ট কোনো পদক্ষেপের কথা জানায়নি।

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ইস্যুর কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরও আটকে গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের সময়ে হত্যা, গুম ও মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ওই আন্দোলন দমনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তার বিরুদ্ধে দুর্নীতিসহ আরও বিভিন্ন অভিযোগে মামলা চলমান। তবে শেখ হাসিনা ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

শেখ হাসিনার ডিসেম্বরের দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে। মৃত্যুদণ্ডের রায় ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি আদৌ দেশে ফিরবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে। এদিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির অনেক নেতাকর্মী কারাগারে রয়েছেন, অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধেও বিভিন্ন আদালতে হত্যা, গুম ও দুর্নীতিসহ নানা অভিযোগে মামলা চলছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad