ভারত /টেক্সটাইল রিসাইক্লিংয়ে নির্মম বাস্তবতা, কেউ না কেউ হাত-পা হারাচ্ছেন প্রতিদিনই
-153a25.jpg)
ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথে পুরোনো কাপড় পুনর্ব্যবহার করে সুতা ও বস্ত্রপণ্য তৈরি করা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বিপুল পরিমাণ পরিত্যক্ত পোশাক প্রক্রিয়াজাত করতে গিয়ে এই শিল্পে কাজ করেন লাখো শ্রমিক। তবে এই শিল্পের আড়ালে রয়েছে এক নির্মম বাস্তবতা— নিরাপত্তাহীন পরিবেশে কাজ করতে গিয়ে প্রতিদিনই কেউ না কেউ হারাচ্ছেন হাত-পা, কেউ প্রাণও হারাচ্ছেন।
এমনই এক দুর্ঘটনায় দুই হাতই হারিয়েছেন ১৯ বছর বয়সী সুরাজ কুমার। হরিয়ানার শিল্পনগর পানিপথে তিন মাস ধরে পরিত্যক্ত কাপড় কেটে কুচি করার মেশিনে কাপড় ঢোকানোর কাজ করতেন তিনি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে ফেলে দেওয়া পোশাক সেখানে এনে প্রথমে কেটে কুচি করা হয়। এরপর সেগুলো থেকে তন্তু ও সুতা তৈরি করে নতুন বস্ত্রপণ্য উৎপাদন করা হয়। বিশ্ববাজারে সরবরাহ করা হয় এসব পণ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে, এই শিল্পের শ্রমিকদের জন্য কাজটি কতটা ঝুঁকিপূর্ণ।
-e12f05.jpg)
পশ্চিমবঙ্গ থেকে পানিপথে কাজ করতে এসেছিলেন সুরাজ। তার কয়েকজন চাচাতো ভাই ও বন্ধু আগে থেকেই সেখানে কাজ করতেন। বাবা-মাকে টাকা পাঠিয়ে সংসারে সহায়তা করার আশায় তিনিও এই কাজে যোগ দেন। কিন্তু গত আগস্টের শেষ দিকে কারখানার একটি মেশিনে বৈদ্যুতিক শর্টসার্কিট ঘটে। এতে ছিটকে গিয়ে মেশিনের কুচি করার অংশে পড়ে যান সুরাজ। দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার দুই হাত।
দ্য গার্ডিয়ানকে সুরাজ বলেন, ‘দুই হাত হারানোর চেয়ে আমার মরে যাওয়াই ভালো হতো।’ পরিবারের একমাত্র সন্তান সুরজের স্বপ্ন ছিল, পানিপথে কাজ করে বাবা-মাকে আর্থিকভাবে সহায়তা করবেন। এখন তার ভয়, পরিবারের পাশে দাঁড়ানোর বদলে উলটো তাদের ওপর বোঝা হয়ে গেছেন। নিজের ভবিষ্যৎ নিয়েও কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তিনি।
পানিপথে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ১০ লাখ টনের বেশি পুরোনো পোশাক প্রক্রিয়াজাত করা হয়। এ কারণে শহরটি বিশ্বের অন্যতম বড় বস্ত্র পুনর্ব্যবহারকেন্দ্রে পরিণত হয়েছে। এখানকার প্রায় ২০ হাজার কারখানায় কাজ করেন প্রায় ৩ লাখ মানুষ। পুরোনো কাপড় কুচি করে তৈরি করা সুতা দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। এসব পণ্যের মধ্যে এইচঅ্যান্ডএম হোম, আইকিয়া, প্রাইমার্ক, টেসকো ও ওয়ালমার্টের মতো ব্র্যান্ডের জন্য তৈরি গৃহসজ্জার সামগ্রীও রয়েছে।

তবে দ্রুত পোশাক উৎপাদন ও কেনাবেচার ওপর নির্ভরশীল ফাস্ট-ফ্যাশন শিল্পের বর্জ্য পুনর্ব্যবহারের কাজ করতে গিয়ে বড় মূল্য দিতে হচ্ছে শ্রমিকদের। পরিবেশকর্মী রমেশ চৌধুরী গত পাঁচ বছর ধরে পানিপথের কারখানাগুলোতে শ্রমিকদের আহত হওয়া ও অঙ্গহানির ঘটনা পর্যবেক্ষণ করছেন। তার হিসাব, শহরটিতে প্রতিদিন অন্তত একজন শ্রমিক কোনো না কোনো অঙ্গ হারান। কোনো কোনো দিন এ সংখ্যা পাঁচজন পর্যন্ত পৌঁছায়।
রমেশ চৌধুরী বলেন, ‘প্রতিদিনই কারখানায় আহত শ্রমিকের ঘটনা আমাদের সামনে আসে। কেউ হাত বা পা হারান, আবার কেউ মারাও যান।’ কারখানাগুলোতে শ্রমিক সরবরাহকারী ঠিকাদারদের একটি নেটওয়ার্কের মাধ্যমে তিনি এসব তথ্য সংগ্রহ করেন। তবে সব দুর্ঘটনার খবর তার কাছে পৌঁছায় না। তাই প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করেন তিনি।
দুর্ঘটনার ব্যাপকতা বোঝার জন্য চলতি বছরের ১৭ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পানিপথের ১১টি বেসরকারি ও দুটি সরকারি হাসপাতালে আসা রোগীদের তথ্য পর্যবেক্ষণ করে দ্য গার্ডিয়ান। ওই এক সপ্তাহে বস্ত্রশিল্পের ছয় শ্রমিকের গুরুতর অঙ্গহানির তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে দুজন একটি করে হাত, একজন দুই হাত, একজন হাত, একজন পা এবং আরেকজন আঙুল হারিয়েছেন।
-ba10f1.jpg)
রমেশ চৌধুরীর মতে, কারখানাগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না থাকাই এমন দুর্ঘটনার অন্যতম কারণ। কোনো শ্রমিক ঘূর্ণায়মান মেশিনে আটকে গেলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পরও সেটি সঙ্গে সঙ্গে থামে না। মেশিন পুরোপুরি বন্ধ হওয়ার আগেই শ্রমিকের শরীরের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
দ্য গার্ডিয়ান একাধিকবার পানিপথের সুতা তৈরির ইউনিট ও কারখানা পরিদর্শন করেছে। এসব পরিদর্শনে কোনো শ্রমিককে নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে দেখা যায়নি। যেসব শ্রমিকের সঙ্গে কথা বলা হয়েছে, তাদের কেউই নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ পাওয়ার কথা জানাননি।
ভারতের ১৯৪৮ সালের কারখানা আইনে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কারখানার মালিকদের ওপর দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে গুরুতর দুর্ঘটনা ঘটলে তা কর্তৃপক্ষকে জানানোর বাধ্যবাধকতাও রয়েছে। কিন্তু বাস্তবে নিরাপত্তা তদারকির কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। শিল্প দুর্ঘটনা কমাতে কাজ করা সেফ ইন ইন্ডিয়া ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা সন্দীপ সচদেবা এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।
তিনি বলেন, ‘বিশেষ করে মান ও গুরুত্বপূর্ণ উপাদানের ক্ষেত্রে কারখানাগুলো ক্রেতাদের নিরীক্ষার আওতায় থাকে। পাশাপাশি সরকারি শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগও পরিদর্শন করে। তবে ক্রেতাদের নিরীক্ষায় কর্মক্ষেত্রের নিরাপত্তা বা কাজের পরিবেশের চেয়ে বাণিজ্যিক বিষয় ও পণ্যের মানকে বেশি গুরুত্ব দেওয়া হয়।’
-91e46a.jpg)
সরকারি পরিদর্শনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে বলে জানান সন্দীপ সচদেবা। তার ভাষ্য, কেন্দ্রীয় সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে কারখানা নির্বাচন করা হলেও পরিদর্শনে যাওয়ার আগে এখন সংশ্লিষ্ট কারখানাকে জানাতে হয়। এতে পরিদর্শকের ভূমিকা অনেকটা সহায়ক ও পরিদর্শকের মিশ্র রূপ নিয়েছে। অনিরাপদ পরিবেশে চলা কারখানায় এ ধরনের ব্যবস্থা তদারকির কার্যকারিতা কমিয়ে দিচ্ছে।
অঙ্গহানির সঙ্গে জীবিকাও হারাচ্ছেন শ্রমিকরা
কারখানায় দুর্ঘটনায় একটি অঙ্গ হারানো মানে অনেক শ্রমিকের জন্য জীবিকার পথও বন্ধ হয়ে যাওয়া। বিহারের ছাপরা এলাকার পঞ্চাশোর্ধ্ব রামাশঙ্কর সিং ১৮ বছর পানিপথের বিভিন্ন কারখানায় কাজ করেছেন। কিন্তু গত বছর একটি দুর্ঘটনায় তার একটি পা কেটে ফেলতে হয়।
কারখানায় কাজ করার সময় গরম একটি বল বেয়ারিং তার পায়ের ওপর পড়ে। প্রথমে ফেলে দেওয়া কাপড় দিয়ে ক্ষতস্থানটি বেঁধে দেওয়া হয়। পরে কারখানার মালিক তাকে একটি ওষুধের দোকানে নিয়ে যান। কিন্তু সংক্রমণ ছড়িয়ে ক্ষত আরও গুরুতর হয়ে ওঠে। পরে মালিকের কাছে চিকিৎসার ব্যবস্থা চাইলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তত দিনে সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়েছিল যে চিকিৎসকদের হাঁটুর ওপর থেকে তার পা কেটে ফেলতে হয়।
রামাশঙ্কর বলেন, ‘কারখানার মালিক আমাকে আরেকটি কাজ দেওয়ার কথা বলেছিলেন। হয়তো রান্নার কাজ বা কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।’ মালিক তাকে সরকারি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু দুর্ঘটনার পর থেকে কোনো ভাতা পাননি তিনি। এখন একটি দাতব্য সংস্থার দেওয়া কৃত্রিম পায়ের ওপর নির্ভর করছেন।
-38d5c3.jpg)
দীর্ঘ ১৮ বছর কারখানায় কাজ করার পর এখন ঘরে বসে থাকতে হচ্ছে রামাশঙ্করকে। পরিবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ার কষ্টও তাকে তাড়া করে ফেরে। তিনি বলেন, ‘কাজ ছাড়া কীভাবে বাঁচতে হয়, তা আমি প্রায় ভুলেই গেছি। এখন দিনের বড় একটা সময় বিছানায় শুয়ে ছাদের পাখার দিকে তাকিয়ে কাটে।’
কৃষির পর ভারতের বস্ত্রশিল্পই দেশটির দ্বিতীয় বৃহত্তম কর্মসংস্থানের ক্ষেত্র। এ খাতে সরাসরি কাজ করেন ৪ কোটি ৫০ লাখের বেশি মানুষ। তাদের প্রায় ৯২ শতাংশই অনানুষ্ঠানিকভাবে কর্মরত। এস্তোনিয়াভিত্তিক প্রতিষ্ঠান রিভার্স রিসোর্সেসের কর্মসূচি ব্যবস্থাপক ইনা বাহুগুনা জানান, পানিপথের ৯০ শতাংশের বেশি শ্রমিকও অনানুষ্ঠানিকভাবে কাজ করেন। প্রতিষ্ঠানটি শহরটির বস্ত্রবর্জ্য নিয়ে কাজ করে।
ইনা বাহুগুনা বলেন, ‘আনুষ্ঠানিক নিয়োগপত্র ও এর সঙ্গে থাকা সামাজিক নিরাপত্তার সুবিধা— যার মধ্যে পেনশনও রয়েছে— মূলত ব্যবস্থাপনা, কেরানি এবং দর্জির মতো কিছু বিশেষায়িত কাজের শ্রমিকদের মধ্যেই সীমিত।’
-c10f54.jpg)
কারখানার উৎপাদন বিভাগে কাজ করা অধিকাংশ শ্রমিক এসব সুবিধা থেকে বঞ্চিত। ফলে গুরুতর দুর্ঘটনায় পড়লে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। আনুষ্ঠানিক চাকরি ও সামাজিক নিরাপত্তা না থাকায় মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ, পুনর্বাসন সহায়তা কিংবা নিয়মিত আয়ের নিশ্চয়তা পাওয়ার সুযোগও সীমিত থাকে।
দ্য গার্ডিয়ান কয়েকজন কারখানামালিকের কাছে জানতে চেয়েছিল, কেন তারা স্থায়ী নিয়োগের পরিবর্তে চুক্তিভিত্তিক বা কাজের পরিমাণ অনুযায়ী শ্রমিক নিয়োগ করেন। অধিকাংশ মালিকের যুক্তি, শ্রমিকেরা মৌসুমি অভিবাসী। বাড়িতে যাওয়ার পর তাঁদের কেউ কেউ আর পানিপথে ফিরে আসেন না।
এদিকে বড় ধরনের দুর্ঘটনায় আহত শ্রমিকদের চিকিৎসার খরচ আদায় করাও কঠিন হয়ে পড়ে। ২০১৭ সালে একটি হাত হারানো ইন্দ্রপাল সিংয়ের অভিজ্ঞতা তারই উদাহরণ। পানিপথে ১৫ বছর কাজ করা ইন্দ্রপাল দুর্ঘটনার সময় সংশ্লিষ্ট কারখানায় আড়াই বছর ধরে কর্মরত ছিলেন। চীনে তৈরি একটি কার্ডিং মেশিনে তার হাত আটকে যায়। এতে হাতের চামড়া ছিঁড়ে যায়। প্রথমে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হলেও পরে সংক্রমণ বাড়তে থাকায় হাতটি কেটে ফেলতে হয়। কিন্তু কারখানার মালিক তার চিকিৎসার খরচ দিতে অস্বীকৃতি জানান।
-4c83b7.jpg)
ইন্দ্রপালের দাবি, ছয় বছর ধরে আদালতে মামলা চালিয়েও তিনি কোনো ক্ষতিপূরণ পাননি। তার অভিযোগ, পুলিশ তাকে জানিয়েছিল, তিনি মামলা তুলে নেওয়ার কাগজে স্বাক্ষর করেছেন। কিন্তু পড়তে বা লিখতে না জানা ইন্দ্রপাল এমন কোনো কাগজে স্বাক্ষর করার কথা অস্বীকার করেন।
তিনি বলেন, ‘আমি হাত হারালাম, ছয় বছর লড়াই করলাম। শেষ পর্যন্ত পেলাম শুধু ৫ হাজার ৭০০ রুপি (৪৫ পাউন্ড) সরকারি ভাতা। কারখানার মালিকের কোনো শাস্তি হয়নি। কারখানাটিও আগের মতোই চলছে।’
শ্রমিকদের পক্ষে মালিকদের বিরুদ্ধে আইনি লড়াই চালানো কঠিন বলে মনে করেন রমেশ চৌধুরী। তিনি বলেন, ‘কারখানামালিকদের সঙ্গে শ্রমিকদের দর-কষাকষির ক্ষমতা খুবই কম। মালিকেরা শুধু আর্থিকভাবে শক্তিশালী নন, অনেক সময় রাজনৈতিকভাবেও প্রভাবশালী। অনেক শ্রমিকের জন্য তাদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।’
পানিপথের ১২টি থানার একটির দায়িত্বে থাকা কর্মকর্তা অরবিন্দ কুমার জানান, চলতি বছর তার থানায় কর্মক্ষেত্রে আহত হওয়ার তিনটি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে একটি ছিল শ্রমিকের মৃত্যুর ঘটনা। তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে আহত হওয়ার ১ শতাংশেরও কম ঘটনা পুলিশের কাছে আসে এবং আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়।’
অরবিন্দ কুমারের ভাষ্য, বেশির ভাগ ঘটনা আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ার বাইরে মীমাংসা হয়ে যায়। চিকিৎসার খরচ বাবদ শ্রমিকরা এককালীন কিছু অর্থ পেতে পারেন। এরপর দুর্ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাব তাদের নিজেদেরই সামলাতে হয়। এসব ঘটনায় পুলিশের সম্পৃক্ততাও খুব কম।
অনিশ্চিত ভবিষ্যৎ সুরাজের
এখন পর্যন্ত সুরাজ কুমারের পরিবার কিছুটা স্বস্তিতে আছে এই ভেবে যে কারখানার মালিক তার চিকিৎসার খরচ বহন করছেন। তবে পুলিশের কাছে অভিযোগ করবেন কি না, তা নিয়ে তারা দ্বিধায় রয়েছে। সুরজের মা সীতা বলেন, ‘তিনি (মালিক) আমাদের কাছে ঈশ্বরের মতো। তিনি আমাদের ছেলের চিকিৎসার খরচ দিচ্ছেন।’
কিন্তু চিকিৎসার খরচ মিটলেও সুরজের সামনে এখন দীর্ঘ অনিশ্চয়তা। যে দুই হাত দিয়ে কাজ করে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিলেন, সেই হাত দুটিই আর নেই। নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতেও কষ্ট হচ্ছে তার।
সুরাজ বলেন, ‘আমি ভেবেছিলাম দুই বছর কঠোর পরিশ্রম করলে নিজের জন্য একটি মোটরসাইকেল কিনতে পারব। জীবন নিয়ে আমার অনেক পরিকল্পনা ছিল। কখনো ভাবিনি, দুই হাত ছাড়া কীভাবে বাঁচতে হয়, সেটাই আমাকে প্রথমে শিখতে হবে।’
[ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অবলম্বনে। মূল প্রতিবেদনটি পুলিৎজার সেন্টারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে তৈরি করা হয়েছে।]














