প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: উপদেষ্টা জাহেদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি নিজেই দেশে ফিরতে চাইছেন বলে তাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের কোনো আইনি জটিলতা হবে না।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন উপদেষ্টা জাহেদ।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফেরাতে চায়। শেখ হাসিনার আইনি অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিনি শুধু অভিযুক্ত নন, দণ্ডপ্রাপ্ত। এ কারণে তিনি কিছু মৌলিক মানবাধিকার সুবিধা পাবেন না।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে গত এক বছরে একাধিকবার জানিয়েছেন। তবে কীভাবে তিনি দেশে ফিরবেন, সে বিষয়ে তার পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি।

এর মধ্যে শেখ হাসিনার পক্ষে নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে বলে দাবি করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের আমলে তার আগের এনআইডি ও পাসপোর্ট বাতিল করা হয়েছিল।

গতকাল সোমবার শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি পাঠানোর খবর প্রকাশিত হয়। আওয়ামী লীগের দাবি, ওই চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন এনআইডি ও পাসপোর্ট ইস্যুর আবেদন জানানো হয়েছে।

বিষয়টি নিয়ে গতকাল দিনভর দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়। সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারাও এ বিষয়ে বক্তব্য দেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এনআইডি ও পাসপোর্ট পাওয়াকে শেখ হাসিনার ‘অধিকার’ বলে দাবি করা হয়। তবে ওই চিঠিতে আদৌ পাসপোর্টের আবেদন করা হয়েছে কি না এবং এ ধরনের চিঠির মাধ্যমে পাসপোর্টের আবেদন করা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

পর্যবেক্ষকদের মতে, শেখ হাসিনা পাসপোর্টের জন্য আবেদন করে থাকলে তাতে তার গ্রেপ্তার হওয়ার পথই সুগম হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিষয়টিকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআইডি সরবরাহ করবে না।’ অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, চিঠির বিষয়টি ‘খতিয়ে দেখা হচ্ছে’।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad