নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোটের জোট

ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম দিনেই বড় ধরনের রাজনৈতিক চমক দেখিয়েছেন দখলদার দেশটির সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট। বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের নেওয়া একগুচ্ছ বিতর্কিত সিদ্ধান্ত ও বিতর্কিত আইন বাতিলের তীব্র উদ্যোগ নিয়েছে তাঁর নেতৃত্বাধীন নতুন বিরোধী জোট। মূলত বিচার বিভাগের ওপর সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ খর্ব করা এবং ৭ অক্টোবরের নাশকতার স্বাধীন তদন্ত নিশ্চিত করতেই তাদের এই কঠোর অবস্থান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ২৬তম নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) প্রথম অধিবেশনে এসে একাধিক নতুন বিল জমা দিয়েছেন বিরোধী নেতা আইজেনকোটের নেতৃত্বাধীন দলগুলো। প্রস্তাবিত বিলগুলোর প্রধান লক্ষ্যের মধ্যে রয়েছে— ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ঘটনা তদন্তে নিরপেক্ষ রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং আগের সরকারের পাস করা বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার আইন বাতিল করা।
মঙ্গলবার (১০ নভেম্বর) ২৬তম নেসেটের প্রথম অধিবেশন চলাকালীন এই বিলগুলো আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।
আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াওয়ের গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’ যৌথভাবে নেতানিয়াহু সরকারের পাস করা বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব সামনে আনে। এর মধ্যে রয়েছে— অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করার আইন, বিচারক নিয়োগ কমিটির কাঠামোগত পরিবর্তন এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির বিতর্কিত গণমাধ্যম সংস্কার আইন।
এ ছাড়া ‘ইয়াশার’-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণা সংক্রান্ত নিয়মে আগের সরকারের আনা সংশোধনী বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে।
অন্যদিকে, ‘ডেমোক্র্যাটস পার্টি’ ফৌজদারি অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের যেকোনো ধরনের সরকারি পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিয়েছে।
প্রস্তাবিত বিলগুলোতে পুলিশি ক্ষমতার অপব্যবহার রোখার উদ্যোগও রয়েছে। উদাহরণস্বরূপ, পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ পুনরায় আইনমন্ত্রীর হাতে ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে ‘ইয়াশার’। এছাড়া ডেমোক্র্যাটস পার্টির অন্যান্য সমাজমুখী প্রস্তাবের মধ্যে রয়েছে— শাবাদে (শনিবার ইহুদিদের পবিত্র দিন) গণপরিবহন চালু, বেসামরিক বিয়ের অনুমতি, অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের (হারেদি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থান নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতার অধিকার অন্তর্ভুক্ত করা এবং এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণ।
বিশ্লেষকদের মতে, বিরোধীদের এই পদক্ষেপগুলোর অন্যতম বড় ফোকাস হলো ৭ অক্টোবরের হামলার তদন্ত। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের তীব্র বিরোধিতা করে আসছেন নেতানিয়াহু। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের নিয়োগ দেওয়া স্বাধীন তদন্ত কমিশন সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, ওই হামলার সময়কার নিজেদের নজিরবিহীন নিরাপত্তাব্যর্থতার দায় এড়াতেই কমিশন গঠনে বাধা দিচ্ছেন নেতানিয়াহু। মূলত এই কমিশন গঠনই বিরোধী জোটের অন্যতম প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।
বিরোধী জোটের জমা দেওয়া বিলগুলোর বড় একটি অংশই আগের সরকারের বিচার বিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থার ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগের বিরুদ্ধে। এর আগে নেতানিয়াহু সরকারের এসব বিচার বিভাগীয় সংস্কারের উদ্যোগের বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও গণআন্দোলন হয়েছিল। বিচার বিভাগীয় সংস্কারের সমালোচকদের জোরালো দাবি ছিল— এই পরিবর্তনগুলো ইসরায়েলের গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্যকে চিরতরে ধ্বংস করছে। তবে সমর্থকদের যুক্তি ছিল, বিচার বিভাগের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার রোধ করতেই এই সংস্কার জরুরি।
উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। যার ফলে মন্ত্রীরা অ্যাটর্নি জেনারেলের বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারতেন এবং এই পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারের একচ্ছত্র নিয়ন্ত্রণ বাড়ত। এছাড়া বিচারক নিয়োগ কমিটির কাঠামো পরিবর্তনের মাধ্যমে আইনজীবী সমিতির দুই প্রতিনিধিকে সরিয়ে সেখানে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবী রাখার বিধান করা হয়েছিল। অন্যদিকে, ২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণা সংক্রান্ত বিতর্কিত আইনটির কার্যকারিতা পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেছিলেন। সে সময় আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ ছিল, আইনটি প্রধানত নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে আইনি সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই পাস করা হয়েছিল।














