কুয়েতে অভিন্ন সামরিক সদর দপ্তর গড়ছে উপসাগরীয় জোট

ডেস্ক, রাজনীতি ডটকম
বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার অনুষ্ঠিত উপসাগরীয় জোট জিসিসির যৌথ প্রতিরক্ষা পরিষদের ২৩তম অধিবেশনে কুয়েতে সামরিক সদর দপ্তরের অবস্থান চূড়ান্ত করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি: সংগৃহীত
বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার অনুষ্ঠিত উপসাগরীয় জোট জিসিসির যৌথ প্রতিরক্ষা পরিষদের ২৩তম অধিবেশনে কুয়েতে সামরিক সদর দপ্তরের অবস্থান চূড়ান্ত করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ ও উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে অভিন্ন সামরিক কমান্ডের জন্য কুয়েতে উন্নত সদর দপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। একই সঙ্গে নতুন এই সামরিক স্থাপনায় সদস্যদেশগুলোর উপযুক্ত সংখ্যক সেনা মোতায়েনের বিষয়েও সম্মত হয়েছে ছয় দেশের জোটটি।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই মঙ্গলবার (১০ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান। জিসিসির মহাসচিবের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার অনুষ্ঠিত জোটের যৌথ প্রতিরক্ষা পরিষদের ২৩তম অধিবেশনে সদর দপ্তরের অবস্থান নির্ধারণ এবং সেখানে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কোন দেশ কত সেনা দেবে, সদর দপ্তরের সুনির্দিষ্ট অবস্থান এবং এর কার্যক্রম শুরুর সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বিবৃতিতে বলা হয়, এসব সিদ্ধান্ত জিসিসিভুক্ত দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি অভিন্ন হুমকি মোকাবিলায় তাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইরানের হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে আলবুদাইউই বলেন, সাম্প্রতিক পরিস্থিতি ও এর পরিণতি মোকাবিলায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা ও সমন্বয়ের যে মাত্রা দেখা গেছে, তা তাদের সংহতি ও ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতির পরিচয় দেয়।

কুয়েতে কেন সদর দপ্তর

জিসিসির অভিন্ন সামরিক কমান্ডের সদর দপ্তর হিসেবে কুয়েতকে বেছে নেওয়ার সিদ্ধান্তকে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের অনাবাসিক জ্যেষ্ঠ ফেলো মুহান্নাদ সেলুম বলেন, কুয়েতকে বেছে নেওয়ার সিদ্ধান্তের বিশেষ তাৎপর্য রয়েছে। ইরানের হামলার বিষয়ে কুয়েত এতদিন সতর্ক ও তুলনামূলক সংযত অবস্থান নিয়ে এসেছে। কিন্তু দেশটি ইরান ও ইরাক— উভয় দিক থেকেই হামলার শিকার হয়েছে। ফলে সেখানে জিসিসির একটি অভিন্ন সামরিক কমান্ড প্রতিষ্ঠা আঞ্চলিক দেশগুলোর প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দেবে।

সেলুমের মতে, কুয়েতে অগ্রবর্তী সামরিক সদর দপ্তর প্রতিষ্ঠা জিসিসির অন্য সদস্যদেশগুলোকে আশ্বস্ত করবে যে সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুতি নিচ্ছে। তবে নতুন এই বাহিনীতে কোন কোন দেশ অংশ নেবে এবং তাদের সেনাসংখ্যা কত হবে, তা এখনো স্পষ্ট নয়।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ কার্যত শেষ হয়েছে বলে ঘোষণা দিলেও জিসিসির এ সিদ্ধান্তের পেছনে ইরানের বিরুদ্ধে পর্যাপ্ত প্রতিরোধক্ষমতা গড়ে তোলার বৃহত্তর কৌশল কাজ করছে। তার ভাষায়, যুদ্ধ আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থায় এমন পরিবর্তন এনেছে, যা আর আগের অবস্থায় ফিরে যাওয়ার নয়।

বদলে যাচ্ছে উপসাগরীয় নিরাপত্তাব্যবস্থা

জিসিসির এ সিদ্ধান্তকে শুধু নতুন একটি সামরিক স্থাপনা নির্মাণের উদ্যোগ হিসেবে দেখছেন না আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের মতে, সাম্প্রতিক সংঘাত উপসাগরীয় দেশগুলোর দীর্ঘদিনের নিরাপত্তা ধারণায় পরিবর্তন এনেছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, বিশেষ করে আরব বসন্তের পর থেকে গত কয়েক বছরের পরিবর্তন এবং সর্বশেষ ইরান যুদ্ধ উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। একসময় তুলনামূলক নিরাপদ ও স্থিতিশীল হিসেবে বিবেচিত অঞ্চলটিতে এখন নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে দেশগুলো নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা এবং পারস্পরিক সামরিক সমন্বয় বাড়ানোর দিকে ঝুঁকছে।

জিসিসির নতুন সদর দপ্তর ও সেখানে সদস্যদেশগুলোর সেনা মোতায়েনের সিদ্ধান্ত সেই পরিবর্তনেরই একটি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। তবে এই কমান্ডের অধীনে বাহিনীর প্রকৃত কাঠামো, পরিচালনব্যবস্থা, সদস্যদেশগুলোর দায়িত্ব বণ্টন এবং সামরিক সক্ষমতা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত জিসিসির সদস্য ছয়টি দেশ হলো— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান। দেশগুলোর মধ্যে আগে থেকেই প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও নতুন সদর দপ্তর প্রতিষ্ঠা এবং সেখানে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত সামরিক সমন্বয়কে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে।

ইরান যুদ্ধের পর উপসাগরীয় দেশগুলোর সামনে এখন বড় প্রশ্ন— ভবিষ্যতে একই ধরনের সামরিক সংঘাত বা আঞ্চলিক হুমকি দেখা দিলে তারা কতটা সমন্বিতভাবে প্রতিক্রিয়া জানাতে পারবে। কুয়েতে অভিন্ন সামরিক কমান্ড প্রতিষ্ঠার উদ্যোগকে সেই সক্ষমতা গড়ে তোলার প্রচেষ্টারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আল-জাজিরা

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad