যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
গত বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে কথা বলেন দুই পক্ষের প্রতিনিধিরা।
প্রস্তাবিত মেডিক্যাল সিটিতে উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির জন্য আধুনিক মেডিকেল শিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা বৈঠকে তুলে ধরেন ড. মুজিবুর আর মজুমদার।
ড. মুজিবুর আর মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
বৈঠকের আগে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় হাসপাতালটির আধুনিক চিকিৎসা অবকাঠামো, প্রযুক্তিগত সুবিধা, চিকিৎসাসেবা পরিচালনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন তিনি।
বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের আধুনিকায়ন, উন্নত চিকিৎসাপ্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মানের চিকিৎসাশিক্ষা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।
প্রকল্পটি বাস্তবায়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার। এ ছাড়া প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা করেন তারা।
ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এএসএএএলের (ASAAL) সভাপতি ও ন্যাশনাল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। তিনি নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট হিসেবে কাজ করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, আধুনিক চিকিৎসাপ্রযুক্তি ও চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগানো গেলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।














