ঢাবি-বুয়েটে আগের সময়েই ভর্তি পরীক্ষা, ইউজিসির নির্দেশনায় রাবি-চবি-জবিতে পরিবর্তন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনা অনুযায়ী উচ্চমাধ্যমিকে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা বিবেচনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আবেদন ও ভর্তি পরীক্ষার সূচি পিছিয়েছে। পুনর্পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় পিছিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শর্তসাপেক্ষে এইচএসসিতে পুনর্পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ রেখেছে।
এদিকে ইউজিসি ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলেও আগের ঘোষিত সময়েই আবেদন ও পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
গত সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির এক মতবিনিময় সভা করে ইউজিসি। পরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ লিখিত বক্তব্যে বলেন, জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেছেন, সেশনজটের আশঙ্কায় যথাসময়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ১১ নভেম্বর শুরু হয়ে ২৫ নভেম্বর শেষ হবে। আর ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৬ ডিসেম্বর।
আগের সময়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় বুয়েটও। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ২১ নভেম্বর, তবে আবেদনের শেষ সময় এখনো নির্ধারিত হয়নি। আর ভর্তি পরীক্ষা হবে আগামী ১৬ জানুয়ারি।
বুয়েটের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক কামরুল হাসান বলেন, ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারিত। বাকি সব দিনসময় আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠেয় একাডেমিক কাউন্সিল নির্ধারণ করা হবে। ভর্তির জন্য আবেদন যোগ্যতা শিথিলও করা হবে না।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৮ জানুয়ারি থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছিল। আবেদনের সময় নির্ধারণ করা হয়েছিল ১২ থেকে ২৭ নভেম্বর। ইউজিসির নির্দেশনার পর রাবি ভর্তি পরীক্ষা কমিটির সভায় আবেদন ও পরীক্ষা নেওয়ার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে। ভর্তি পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে, শেষ হবে ২০ ফেব্রুয়ারি।
ইউজিসির নির্দেশনায় রাবি এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে। রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের ভিত্তিতে ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য নতুন করে সাত দিন সময় দেওয়া হবে।
অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভর্তি পরীক্ষার জন্য আবেদন ও পরীক্ষার সূচিতে কোনো পরিবর্তন না আনলেও এইচএসসিতে পুনরায় পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের জন্য শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ রেখেছে।
এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন নেওয়া হবে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে আগামী ১ জানুয়ারি থেকে।
বুধবার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জবি। তাতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী এইচএসসিতে সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য হয়ে সম্পূরক পরীক্ষায় অংশ নেবে, তারা সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য এসএসসি পরীক্ষার যোগ্যতার শর্তসাপেক্ষে আবেদন করতে পারবে। তবে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও এইচএসসিতে এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদনের সুযোগ দিচ্ছে। তাদের জন্য ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছে। আগে এই সময় ছিল ১০ ডিসেম্বর পর্যন্ত, যা ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
চবির এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, যারা এইচএসসি বা সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রেফার্ড/সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে কৃতকার্য হবেন এবং চবির কোনো ইউনিটে ভর্তির ন্যূনতম জিপিএ ও অন্যান্য যোগ্যতা অর্জন করবেন, তারাই শুধু আবেদন করতে পারবেন।












