ঢাবিতে বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ, ‘হিন্দুত্ববাদী নীলনকশা’ বলছে হেফাজত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হলের রবীন্দ্রভবন প্রাঙ্গণে স্থায়ী প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তবে এ উদ্যোগকে ‘হিন্দুত্ববাদী নীলনকশার অংশ’ আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গত রোববার রাতে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে সরস্বতী প্রতিমা নির্মাণের এ উদ্যোগের বিরোধিতা করে একে ‘কৌশলগত’ হিসেবে বর্ণনা করে এর পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
ইসলামপন্থি এ সংগঠনটির আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ অবস্থান জানান। সংগঠনের যুগ্মমহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিটির সত্যতা নিশ্চিত করেছেন।
বিবৃতিতে হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, “ভূ-কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রংপুরের পলাশবাড়ীতে ‘সর্ববৃহৎ রামমূর্তি’ নির্মাণের ষড়যন্ত্রের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’ নির্মাণে তৎপর হয়েছে উগ্র হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী শক্তি।”
বিবৃতিতে বলা হয়, “বেছে বেছে এমন কৌশলগত স্থানে এসব উদ্যোগ নেওয়াকে আমরা আধিপত্যবাদী নীলনকশার অংশ বলে মনে করি। নাগরিকদের কাছে প্রশ্নবিদ্ধ এ ধরনের কৌশলগত উদ্যোগ খতিয়ে দেখতে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।”
হেফাজত নেতারা বিবৃতিতে আরও বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি এদেশে হিন্দুত্ববাদী সফট-পাওয়ার সংহত করতে একটি নির্দিষ্ট ধর্ম ও ধর্মীয় সম্প্রদায়কে অতীতের মতই ‘ট্রোজান হর্স’ হিসেবে ব্যবহার করছে।”
তারা বলেন, “ঢাবির জগন্নাথ হল কোনো একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ইজারা দেওয়া হয়নি। অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু (বৌদ্ধ ও খ্রিষ্টান) এবং পাহাড়ি নৃতাত্ত্বিক শিক্ষার্থীদের জন্যও এই হলটি নির্ধারিত। ফলে শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষার্থীরা সেটিকে তাদের একক ভোগদখলের সম্পত্তি বানাতে পারেন না।”
বিবৃতিতে আরও বলা হয়, “‘উগ্র সেক্যু-প্রগতিশীলরা’ ঢাকা বিশ্ববিদ্যালয়কে এতই ‘সেক্যুলার’ হিসেবে দেখতে চান যে, সামান্য গরু জবাই হলে কিংবা মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় কোনো কালচারাল অনুষ্ঠান হলেও তারা সহ্য করতে পারেন না।”
“অথচ তারা এখন জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে মুখে কুলুপ এঁটেছেন। এই ইসলামবিদ্বেষী সেক্যুলারদের হিপোক্রেসি আমরা জানি। তবুও তাদের নীরবতাকে আমরা প্রশ্ন করে রাখলাম,” বলা হয় বিবৃতিতে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘ধর্মীয় স্বাধীনতার স্বার্থে’ সব ধর্মাবলম্বীর প্রার্থনার স্থান থাকতে পারে বলে মনে করে হেফাজতে ইসলাম। এ বিষয়ে বিবৃতিতে বলা হয়, “জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীরা তাদের প্রধান ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপন করে আসছে। যার যার ধর্ম পালনের অধিকার আমরা স্বীকার করি।”
“কিন্তু সেখানে হঠাৎ করে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং কর্তৃপক্ষের ভাষ্যমতে এক বছরের মধ্যে নির্মাণকাজ শেষ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতির জন্য আবেদন করার পরিকল্পনার পেছনে আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদের সম্পর্ক খতিয়ে দেখা জরুরি,” বলা হয় বিবৃতিতে।
এ ধরনের ‘কৌশলগত উদ্যোগের’ সঙ্গে ‘কট্টর সাম্প্রদায়িক ও দেশবিরোধী’ হিসেবে চিহ্নিত কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততার দাবিও করেছে সংগঠনটি। বিবৃতির শেষে সরকার, রাজনৈতিক মহল ও গোয়েন্দা বাহিনীর দেশপ্রেমিক সদস্যদের ‘আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদের ষড়যন্ত্র’ রুখে দিতে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজত নেতারা।
এর আগে গত রোববার রাতে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. সুকমল বড়ুয়া ও জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর উপাচার্য ওবায়দুল ইসলাম বলেন, দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান, সংগীত ও শিল্পকলার দেবী। তবে সমৃদ্ধ হওয়া বলতে শুধু জিপিএ-৫ পাওয়া নয়, নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে।
তিনি আরও বলেন, আমরা সবাই বাংলাদেশি। এ দেশ শুধু মুসলমানদের কিংবা হিন্দুদের নয়, বাংলাদেশ সবার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। সবাই সমান অধিকার নিয়ে কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. দেবাশীষ পাল বলেন, এবারের মতো শান্তিপূর্ণ দুর্গাপূজা আমার জীবনে দেখিনি। আমরা আমাদের উৎসব নির্বিঘ্নে পালন করতে পারছি। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা।
তিনি বলেন, আমেরিকায় ১৯ ফুট উচ্চতার সরস্বতী মূর্তি রয়েছে। আমাদের এই মূর্তির কাজ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি। এজন্য আমরা গিনেস বুক কর্তৃপক্ষকে জগন্নাথ হলের সরস্বতী পূজা দেখার আমন্ত্রণ জানিয়েছি। ভারত কেন, পৃথিবীর অন্য কোনো দেশেই এতগুলো সরস্বতী পূজা হয় না। এটি শুধু বাংলাদেশেই সম্ভব।
জগন্নাথ হল কর্তৃপক্ষ জানিয়েছে, রবীন্দ্রভবন প্রাঙ্গণে নির্মাণাধীন প্রতিমাটির কাজ শেষ হলে এটি বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।













