সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা করে প্রজ্ঞাপন জারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অর্থ মন্ত্রণালয়
অর্থ মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের পেনশন, গ্র্যাচুইটি ও অবসরোত্তর সুবিধায় পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধন করে সর্বনিম্ন নিট পেনশন করা হয়েছে ১০ হাজার টাকা। পেনশন বৃদ্ধির পর সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা। তবে কোনো পেনশনভোগী বর্তমানে এর চেয়ে বেশি নিট পেনশন পেয়ে থাকলে ২০২৭ সালের ১ জুলাই বার্ষিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হওয়া পর্যন্ত তিনি আগের হারেই পেনশন পাবেন।

বুধবার (১২ নভেম্বর) নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধনের এ প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। চলতি বছরের ১ জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে থেকে যেসব পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী মাসিক নিট পেনশন পাচ্ছেন, তাদের পেনশন নির্ধারণে নতুন হার কার্যকর হবে।

বর্তমানে যাদের মাসিক নিট পেনশন ৯ হাজার টাকা পর্যন্ত, তাদের পেনশন বাড়বে ১০০ শতাংশ। ২০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৭৫ শতাংশ, ৩০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৬৫ শতাংশ, ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনভোগীদের বাড়বে ৬০ শতাংশ, আর ৪০ হাজার টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের বাড়বে ৫৫ শতাংশ।

নতুন নিয়মে সর্বনিম্ন নিট পেনশন হবে ১০ হাজার টাকা। পেনশন বৃদ্ধির পর সর্বোচ্চ নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ৭০ হাজার ২০০ টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো মূল পেনশনভোগীর একাধিক পারিবারিক পেনশনভোগী থাকলে মূল পেনশনভোগীর প্রাপ্য নিট পেনশনকে ভিত্তি ধরে তাদের মধ্যে আনুপাতিক হারে নিট পেনশন বণ্টন করতে হবে।

এ ছাড়া ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে অবসরোত্তর ছুটি শুরু হয়েছে— এমন কর্মচারীদের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি করা হবে। তবে অবসরোত্তর ছুটি শেষ হওয়ার পর নতুন আদেশের বিধান অনুযায়ী পেনশন ও আনুতোষিক নির্ধারণ করা হবে।

যেসব কর্মচারীর অবসরোত্তর ছুটি ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে শেষ হয়েছে এবং ১ জুলাই থেকে পেনশন কার্যকর হয়েছে, তাদের ক্ষেত্রেও নতুন আদেশ অনুযায়ী নিট পেনশন নির্ধারণের বিধান রাখা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের পর অবসর গ্রহণকারী কর্মচারীদের পেনশন ও অবসরকালীন সুবিধা নতুন আদেশের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad