ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরও তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। আগের দুজনসহ এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহকারী প্রক্টর পদত্যাগ করলেন। অভিযোগ উঠেছে, ঢাবি প্রক্টর তাদের পরোক্ষভাবে পদত্যাগ করতে বলার পর তারা এ সিদ্ধান্ত নেন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের মেয়াদে তাদের এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাবির সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহযোগী অধ্যাপক শারমীন কবীর ও ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এর আগে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব কায়সার বুধবার (১১ নভেম্বর) একই পদ থেকে পদত্যাগ করেন।
পদত্যাগী একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাদের পাঁচজনকে পরোক্ষভাবে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছিলেন প্রক্টর। কোনো ধরনের চাপের মুখে তিনি অনুরোধ করে থাকতে পারেন। তবে পদত্যাগ করা আরেক সহকারী প্রক্টর জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন।
শিক্ষকদের পদত্যাগ করতে বলার কথা অস্বীকার করে ঢাবি প্রক্টর ইসরাফিল রতন বলেন, আমরা কাউকে অব্যাহতি দিইনি। কেন পদত্যাগ করেছেন, সেটি তারাই ভালো বলতে পারবেন।












