সাইকেল পাচ্ছে ৩ লাখ কৃতি ছাত্রী, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ কৃতি ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার। বিতরণের আগে সাইকেলের নমুনা নিজেই চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের সামনে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। তার উপপ্রেস সচিব সুজাউদ্দৌলা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার। তার কয়েক ধরনের নমুনা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী সেই নমুনা বাইসাইকেলগুলো নিজেই কার্যালয়ের সামনে পরখ করে দেখেছেন।”

এক প্রশ্নের জবাবে সুজাউদ্দৌলা বলেন, বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতেই প্রধানমন্ত্রী নিজে সেগুলো চালিয়ে দেখেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে এসব বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রী একটি করে বাইসাইকেল পাবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।

প্রধানমন্ত্রীর সাইকেল চালিয়ে দেখার সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেক।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad