টিআইবির গবেষণা প্রতিবেদন

রাজউক আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান: ইফতেখারুজ্জামান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নের বিভিন্ন পর্যায়ে সুশাসনের ঘাটতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজউক, প্রশাসন, নিয়ন্ত্রক সংস্থা ও ইউটিলিটি কর্তৃপক্ষের একাংশের যোগসাজশে এসব অনিয়ম চলছে। রাজনৈতিক ছত্রছায়ায় ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী মহল ও প্রশাসনের একাংশ মিলে এক ধরনের ‘মাফিয়াতন্ত্র’ গড়ে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইফতেখারুজ্জামান। রাজউক সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজউকের উপর অন্য গবেষণা ছিল। রাজউককে আমরা বলেছি একটি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান।” এ বিষয়ে ঢাকা শহরে রাজউকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, গবেষণাটি রাজউককেন্দ্রিক না হলেও বেসরকারি আবাসন খাতের সেবা কার্যক্রমে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টতার ক্ষেত্রে যোগসাজশ ও অনিয়মের অংশীদারত্ব রয়েছে। রাজউকের সক্ষমতা, সুশাসন ও জবাবদিহির ঘাটতির সুযোগে আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের একাংশ এবং অসাধু কর্মকর্তারা লাভবান হচ্ছেন। ড্যাপ সংশোধনের ক্ষেত্রেও প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং তাদের কাছে রাজউকের মাথা নত করার দৃষ্টান্ত রয়েছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। তাঁর মতে, আইনের শাসন ও যথাযথ প্রয়োগ, সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, তথ্য প্রকাশ, অংশগ্রহণ এবং জবাবদিহি— সুশাসনের এই ছয়টি ক্ষেত্রেই ব্যাপক ঘাটতি রয়েছে। তবে সব প্রতিষ্ঠানে ঘাটতির মাত্রা সমান নয়। কিছু প্রতিষ্ঠান তাদের নথিতে আইএসও বা লিডের মতো স্বীকৃতি থাকার কথা জানিয়েছে।

আইনের ঘাটতি এবং বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়ার সুযোগে রিয়েল এস্টেট কোম্পানির একাংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা করছে এবং ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ করেন ইফতেখারুজ্জামান। তাঁর ভাষ্য, প্রকল্পের স্থান নির্বাচন, জমি কেনা বা দখল, অনুমোদন, বাস্তবায়ন থেকে প্লট হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি, ত্রুটি, ক্ষমতার অপব্যবহার ও নিয়মবিধি না মানার ঘটনা অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আবাসন খাত সরবরাহকারীনির্ভর হওয়ায় জমির মালিক ও সাধারণ ক্রেতারা ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়ছেন। রাজনৈতিক যোগসাজশ, মধ্যস্বত্বভোগী ও ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী মহলের সঙ্গে প্রশাসনের একাংশ মিলে নিয়ম নির্ধারণ এবং কালো টাকা বৈধ করার সুযোগ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।

নদী, খাল ও জলাভূমি ভরাট এবং পাহাড় কেটে আবাসন প্রকল্প গড়ে তোলার বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণের কর্তৃত্ব যাদের হাতে, তারা নিয়ন্ত্রণ করতে পারেন না এমন নয়, বরং নিয়ন্ত্রণ করতে চান না। এর পেছনে রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও ব্যবসায়ী শক্তির একাংশের ত্রিমুখী আঁতাত রয়েছে। ভূমি দখল ও সংশ্লিষ্ট অপরাধে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শক্তির একাংশের সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ একটি ভূমি দখলের দেশে রূপান্তরিত হচ্ছে। আবাসন খাতে নৈতিক আচরণবিধি প্রণয়ন ও তা বাস্তবায়নে নিরপেক্ষ কর্তৃপক্ষ গঠন এবং রাজউক, রিহ্যাব, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয়, তদারকি কাঠামো ও অভিযোগ নিষ্পত্তি বোর্ড গঠনের ওপর জোর দেন তিনি।

সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির সাবেক রিসার্চ ফেলো ড. অতনু দাস। এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad