কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১০ জানুয়ারি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১০ জানুয়ারি

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ঘোষিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের জন্যও নির্দিষ্ট সময় নির্ধারণ করেছে কমিশন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ডিসেম্বর। পরদিন ৭ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর আপিল করার সুযোগ থাকবে। এসব আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর।

ইসির সিনিয়র সচিব জানান, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট দুই উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভোটার তালিকা হালনাগাদের তথ্য তুলে ধরে আখতার আহমেদ জানান, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। গত ৩১ আগস্ট ২০২৬-এ প্রকাশিত ভোটার সংখ্যার তুলনায় এ পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। বর্তমান তালিকায় পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।

তিনি আরও জানান, হালনাগাদ ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যবহার করা হবে। এদিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর। এ জন্য নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। কোনো দলকে আলোচনার জন্য বাদ দেওয়া হয়নি বলেও জানান ইসির সিনিয়র সচিব।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad