ফল পুনর্নিরীক্ষণ /উচ্চ মাধ্যমিকে ফেল থেকে পাস ৫৫৪৮, নতুন জিপিএ-৫ পেয়েছে ১৬২০ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মোবাইলে পরীক্ষার ফলাফল দেখা। প্রতীকী ছবি
মোবাইলে পরীক্ষার ফলাফল দেখা। প্রতীকী ছবি

এইচএসসি ও সমমানে ফল পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছে পাঁচ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৬২০ পরীক্ষার্থী। নতুন জিপিএ-৫ পাওয়াদের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের আগে ২০ জনের ফলাফল ছিল ফেল।

সোমবার (২৩ নভেম্বর) উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ হয়েছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে তিন হাজার ১৮২ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ১৪২ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে দুই হাজার ২২৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ বোর্ডে— ৬৫৪ জন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ঢাকা বোর্ডে ৫৯২ জন ও তৃতীয় সর্বোচ্চ কুমিল্লায় ৫০৭ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছে। এ ছাড়া দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৭৮ জন, যশোর বোর্ডে ৩৫৭ জন, চট্টগ্রামে ২৫৮ জন, সিলেটে ২১১ জন, রাজশাহীতে ১০৪ জন ও বরিশাল বোর্ডে ২১ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

এদিকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে— ৪৬৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৪ পরীক্ষার্থী ময়মনসিংহ শিক্ষা বোর্ড ও তৃতীয় সর্বোচ্চ ১৬৩ পরীক্ষার্থী যশোর শিক্ষা বোর্ড থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছে।

এ ছাড়া দিনাজপুর বোর্ডে ১৩৪ জন, কুমিল্লা বোর্ডে ১২০ জন, চট্টগ্রাম বোর্ডে ১০১ জন, সিলেট বোর্ডে ৭৭ জন, রাজশাহী বোর্ডে ৫৬ জন ও বরিশাল বোর্ডে ২১ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ১৭১ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৩৮ জন।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এ পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ছয় লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য বলছে, এবার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিল দুই লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী। উত্তরপত্র ছিল ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি। এর মধ্যে সব মিলিয়ে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা মোট আবেদনকারীর ১১ দশমিক ৪৫ শতাংশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad