২৩ দিন বন্ধ থাকবে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট ২৩ দিন বন্ধ থাকবে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী এই কেন্দ্রের ইউনিটটি আজ বুধবার মধ্যরাত থেকে বন্ধ করা হবে। এ সময়ে কেন্দ্রটির একই সক্ষমতার অপর ইউনিট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।
আদানি পাওয়ার জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগেই ইউনিটটি বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছিল। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময় জরুরি পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। প্রতিষ্ঠানটির দাবি, গত ২৬ অক্টোবর এ কর্মসূচিতে সম্মতি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
২০১৭ সালের নভেম্বরে বিপিডিবির সঙ্গে আদানি পাওয়ারের দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট সক্ষমতার দুটি আল্ট্রা সুপারক্রিটিক্যাল ইউনিট থেকে বাংলাদেশ ১ হাজার ৪৯৬ মেগাওয়াট নিট বিদ্যুৎ কেনে। কেন্দ্রটি সাধারণত ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে।
একটি ইউনিট বন্ধ থাকায় কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ কমে আসবে। তবে শীতকালে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় এ পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পিডিবির কর্মকর্তারা।
সাম্প্রতিক মাসগুলোতে আদানির বিদ্যুৎ সরবরাহ নিয়ে একাধিকবার উদ্বেগ দেখা দিয়েছে। ভারতের রেলপথে যানজট ও পণ্য পরিবহনে বিধিনিষেধের কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে যায়। পরে বয়লারের সমস্যায় একটি ইউনিট আকস্মিক বন্ধ হলে ওই রাতে দেশে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। লোডশেডিং সর্বোচ্চ প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াটে পৌঁছেছিল। প্রায় ৮৪ ঘণ্টা পর ইউনিটটি আবার জাতীয় গ্রিডে যুক্ত হয়। এ বছরের জুনে আদানি পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক অনিল সারদানা জানান, বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি পুরোপুরি সচল রয়েছে। বাংলাদেশের সঙ্গে আলোচনার পর বকেয়া বিলের সিংহভাগ আদায় হয়েছে বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।













