আগের সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে ঢাবি, বাড়ছে আবেদনের সময়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৭: ০৫
ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়।

আইনি বাধা কেটে যাওয়ায় পূর্বনির্ধারিত সূচিতেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে ভর্তির আবেদনের সময় অন্তত দুই দিন বাড়ানো হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এ তথ্য জানান। পুনর্মূল্যায়নের ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

উপাচার্য বলেন, “পুনঃমূল্যায়নের জন্য যেসব শিক্ষার্থী আবেদন করেছে, তাদের কথা বিবেচনা করে কমপক্ষে দুই দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী তাদের কথা বিবেচনা করে সবাই যেন ভালোভাবে আবেদন করতে পারে, তাই সময় বাড়াতে অনুরোধ করেছেন। সেজন্যই আমরা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতেও আগের সূচিতেই ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। ফলে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

এর আগে গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এ জন্য ১১ নভেম্বর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ২৫ নভেম্বর। এখন সেই সময় বাড়াতে যাচ্ছে ভর্তি কমিটি।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা ইউনিটের সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৬ ডিসেম্বর নেওয়া হবে। সবগুলো পরীক্ষাই পূর্বনির্ধারিত তারিখে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, সোমবার তা স্থগিত করেছেন আপিল বিভাগ। এইচএসসির সম্পূরক পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে ওই অন্তর্বর্তীকালীন আদেশ স্থগিত করেন। একই দিন বিকেলে এইচএসসির পুনর্মূল্যায়নের ফলও প্রকাশ করা হয়েছে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে গত ৯ সেপ্টেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানালে এর বিরুদ্ধে হাই কোর্টে রিট আবেদন করেন এক অভিভাবক।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad