ঢাবির ২ শিক্ষক বরখাস্ত, সাবেক উপাচার্য মাকসুদ কামালকে হাজিরের নির্দেশ

অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগ না দেওয়ায় সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে সশরীরে হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
উপাচার্য জানান, অনুমতি ছাড়াই দেশের বাইরে অবস্থান করায় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিষয়ে দুটি পৃথক তদন্ত কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সাবেক উপাচার্য মাকসুদ কামাল ও প্রভাষক শাহরিমা তানজিন অর্নির বিষয়ে উপাচার্য বলেন, “তাদের অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় অবগত না। তাই উনাদেরকে সশরীরে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্টারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।”
এদিকে জুলাই অভ্যুত্থানের সময়কার কর্মকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, “ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণসহ নানা অভিযোগের ভিত্তিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় তাদরকে পরবর্তী সিন্ডিকেটে চার্জ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।”















