কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ দুজন আহত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। বিস্ফোরণের পর আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত সানজিদা হামীম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কুবি উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ সাধারণ শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারে তাকে দেখতে যান।
ঘটনার বর্ণনা দিয়ে আহত শিক্ষার্থী সানজিদা হামীম বলেন, গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমি ভয় পেয়ে যাই। ককটেলটি বিস্ফোরিত হয়ে আমার পায়ে এসে লাগে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল।
আহত অটোরিকশাচালক বলেন, ‘আমি রিকশার ওপর বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়ে আমার ঘাড়ে এসে লাগে। এতে আমার ঘাড় ছিলে যায়।’
আহত সানজিদা ও অটোরিকশাচালকের কেউই হামলাকারীদের দেখতে পাননি বলে জানান।
কুবি প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন বলেন, সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারি, সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের ফলে ধোঁয়া হওয়ায় তারা কাউকে শনাক্ত করতে পারেননি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হবে। বিষয়টি কোতোয়ালি, সদর দক্ষিণ ও কোটবাড়ি থানাকে অবহিত করা হবে।















