বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৩: ৩০
২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের প্রস্তুতি নিচ্ছে এনসিটিবি। ছবি: সংগৃহীত
২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের প্রস্তুতি নিচ্ছে এনসিটিবি। ছবি: সংগৃহীত

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ২০২৭ শিক্ষাবর্ষের বই বিতরণের প্রস্তুতি নিচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই সময়মতো পৌঁছে দিতে এবার শিক্ষাবর্ষ শুরুর আগেই মুদ্রণ, বাঁধাই ও মাঠপর্যায়ে সরবরাহের কাজ শেষ করা হচ্ছে। এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিকের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ। প্রাথমিকের ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিকের ৯২ শতাংশের বেশি বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে।

এনসিটিবি চেয়ারম্যান জানান, প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের ছাপা ও সরবরাহের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।

২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিকের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই এবং ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে।

বই বিতরণের সময়সূচি সম্পর্কে ফখরুল মাওলা বলেন, ‘আগে পহেলা জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান এমনিতেই যেকোনো অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নীতি গ্রহণ করেছেন। তাই এবার সে ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচন করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে। পাশাপাশি স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।’

তিনি বলেন, ‘স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করার কথা রয়েছে। এজন্য আমরা ২৪ থেকে ২৭ ডিসেম্বরের সময়টিকে সামনে রেখে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করছি।’ তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোনো সময় বই বিতরণে এনসিটিবি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এনসিটিবি চেয়ারম্যান বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে। নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজও ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

আগের বছরগুলোর মতো অল্প কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে উদ্বোধন না করার কথা জানিয়ে ফখরুল মাওলা বলেন, ‘আগে দেখা যেত কিছু বই ছাপা বা বাঁধাই না হলেও অল্প কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে উৎসব করা হতো, আর বাকি বই যেত মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না; শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহের পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।’

বইয়ের মান সম্পর্কে তিনি বলেন, ‘কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয়গুলো যাচাই করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের গুণগত মান অনেক ভালো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা হবে; যা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক।’

দ্রুত সময়ে বই পরিমার্জন, ছাপা ও সরবরাহের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবার নিবিড় পর্যবেক্ষণের প্রশংসা করেন এনসিটিবি চেয়ারম্যান।

নতুন বই ও কারিকুলাম সম্পর্কে তিনি জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিশুদের মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমিয়ে খেলার মাঠে ফেরানো এবং বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি কারিগরি শিক্ষার বই ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে।

এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা তৈরিতে ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলে জানান এনসিটিবি চেয়ারম্যান। বাসস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad