এসএসসিতে ৬৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৩: ৪৭
সোমবার ফল প্রকাশের পর ঢাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুলে শিক্ষার্থীদের উল্লাস। ছবি: রাজনীতি ডটকম
সোমবার ফল প্রকাশের পর ঢাকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুলে শিক্ষার্থীদের উল্লাস। ছবি: রাজনীতি ডটকম

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবার দেশের ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে যতজন পরীক্ষার্থী অংশ নিয়েছিল সবাই পাস করেছে। অন্যদিকে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ, এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সবাই ফেল করেছে।

এর আগে ২০২৫ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯৮৪টি। আর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১৩৪টি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৩১৫টি। বিপরীতে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

এ বছর এসএসসিতে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। সব মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

এবারের পাসের হার গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম, এবং গত বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট কম। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এর আগে ২০০৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ৫৮ দশমিক ৩৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল। এরপর আর কোনো বছর পাবলিক এ পরীক্ষায় পাসের হার এত কম ছিল না।

২০০৭ সালে এসএসসিতে ফল বিপর্যয়ের পর ২০০৮ সালে পাসের হার বেড়ে দাঁড়িয়েছিল ৭২ দশমিক ১৮ শতাংশ। এরপর পাসের হার আরও বাড়তে থাকে। ২০২১ সালে দেশে রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাস করেছিল।

পাসের হারের পাশাপাশি এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এবার পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ কম পেয়েছে ২২ হাজার ৩৫৬ পরীক্ষার্থী।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement