রাজধানীর পরিচ্ছন্নতার কাজে গতি আনতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক, রাজনীতি ডটকম
শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজধানীর পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনায় গঠিত কমিটির পর্যালোচনা সভা। ছবি: পিএমও
শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজধানীর পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনায় গঠিত কমিটির পর্যালোচনা সভা। ছবি: পিএমও

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজধানীর পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনায় গঠিত কমিটির পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানান।

উপপ্রেস সচিব বলেন, সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এ সময় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।”

তুরস্কের আন্তালিয়ায় জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ শেষে শুক্রবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার পরদিনই রাজধানীর পরিবেশ রক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে এ পর্যালোচনা সভা করেন তিনি। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমের মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad