এসএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন মাদরাসায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১৩: ০৯
ফাইল ছবি: রাজনীতি ডটকম
ফাইল ছবি: রাজনীতি ডটকম

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহ বোর্ডে, ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

তবে ১১টি শিক্ষা বোর্ডের হিসাব ধরলে সবচেয়ে কম পাসের হার মাদরাসা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।

এ বছর এসএসসিতে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে যে ৬২ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, তা গত বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ পয়েন্ট কম। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

ফলাফলের এই হার গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০০৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ৫৮ দশমিক ৩৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল। এরপর আর কোনো বছর পাবলিক এ পরীক্ষায় পাসের হার এত কম ছিল না।

এর আগে ২০০৭ সালে এসএসসিতে ফল বিপর্যয়ের পর ২০০৮ সালে পাসের হার বেড়ে দাঁড়িয়েছিল ৭২ দশমিক ১৮ শতাংশ। এরপর পাসের হার আরও বাড়তে থাকে। ২০২১ সালে দেশে রেকর্ড ৯৩ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী এসএসসি পাস করেছিল।

পাসের হারের পাশাপাশি এবার এসএসসিতে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এবার পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এবার জিপিএ-৫ কম পেয়েছে ২২ হাজার ৩৫৬ পরীক্ষার্থী।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement
এসএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন মাদরাসায়