গাজীপুরে ৭ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ছুটি ঘোষণা অর্ধশতাধিকে

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৯: ৪৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজীপুরে শ্রমিক অসন্তোষের মধ্যে সাতটি শিল্প-কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাজের আশায় রোববার (১৫ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন কারখানার সামনে জড়ো হয়েও ফটকে ঝুলন্ত বন্ধের নোটিশ দেখে হতাশ হয়ে ফিরে গেছেন হাজারো পোশাকশ্রমিক। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের জেরে নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, যা নিয়ে কাজ হারানোর শঙ্কা ও অনিশ্চয়তায় পড়েছেন শ্রমিকরা।

রোববার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। নির্ধারিত সময়ে শ্রমিকরা কাজে যোগ দিতে এলেও ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যেতে শুরু করেন। তবে কাজের নিশ্চয়তার আশায় অনেককে দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করতেও দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ মোট ৭টি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে আছে গাজীপুর শিল্পাঞ্চল। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় পুলিশ, এসআরবি ও আনসারের পাশাপাশি ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিন অনাকাঙ্ক্ষিত আন্দোলন, হামলা ও ভাঙচুরের কারণে অনেক কারখানা বন্ধ থাকছে, আবার কিছু কারখানা খোলা থাকলেও কাজ হচ্ছে না। আজ থেকে ঠিক কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তার সঠিক নোটিশ এখনো পুলিশের কাছে পৌঁছায়নি।

তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অনেক কারখানা কর্তৃপক্ষ সকালেই সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে আজ জেলার কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad