ককটেল বিস্ফোরণ: ঢাবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে কড়াকড়ি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৫: ৩১
ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনার পর ক্যাম্পাসে যানবাহন চলাচল ও বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৪ নভেম্বর) প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহের গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

গত রোববার থেকে টানা তিন দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১০টির বেশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর হাতবোমা বিস্ফোরণে চালকসহ দুজন আহত হন। এ ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলবাজিতে সম্পৃক্ততার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থী, এক কর্মকর্তা ও এক কর্মচারীসহ মোট তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে।

নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে দুই চীনা শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল পি জে হার্টগ ইন্টারন্যাশনালের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক এম এ কাউসার বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের কাছে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ দেখে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েন। এ কারণে দুজন শিক্ষার্থী চীনে চলে গেছেন। তিনি আরও জানান, ১৩ নভেম্বর আরও ছয়জন শিক্ষার্থীর দেশ ছাড়ার কথা রয়েছে। তাদের আরও কয়েক দিন পর যাওয়ার পরিকল্পনা থাকলেও ক্যাম্পাসে ককটেল আতঙ্কের কারণে তারা আগেই ফিরে যাচ্ছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad