মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে বৃহস্পতিবার, বিনা খরচে যাচ্ছেন ১১২ কর্মী

আড়াই বছর বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী পাঠানো শুরু হচ্ছে। প্রথম দফায় ১১২ জন কর্মী বিনা খরচে দেশটিতে যাচ্ছেন। তাদের যাত্রার প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে বৃহস্পতিবার কুয়ালালামপুরের উদ্দেশে রওয়ানা হবেন এই কর্মীরা। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কাজে যোগ দিতে যাচ্ছেন। যাতায়াতসহ তাদের যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।
রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, “সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।”
সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। লটারির মাধ্যমে তাঁদের বাছাই করা হচ্ছে।
২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার কর্মী নিয়েছিল মালয়েশিয়া। তবে নিয়োগে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগের মধ্যে ২০২৪ সালের জুন থেকে দেশটিতে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।
এর আগেও বিভিন্ন সময়ে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছিল। সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে ২০০৮ থেকে ২০১২, ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশি কর্মী নিয়োগ বন্ধ ছিল।













