ব্র্যাক-বিআইজিডির যৌথ গবেষণা

ব্যাটারিচালিত রিকশাচালকদের ৯৫.৬% লাইসেন্সহীন, আয়ের ৩৮.৬% ব্যয় ভাড়া পরিশোধে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাজধানীর সড়কে ট্রাফিক আইন না মেনে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা। ফাইল ছবি: সংগৃহীত
রাজধানীর সড়কে ট্রাফিক আইন না মেনে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা। ফাইল ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশাচালকদের ৯৫ দশমিক ৬ শতাংশের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই। ৭৮ দশমিক ২ শতাংশ চালক ভাড়ায় রিকশা চালান এবং তাদের গড় আয়ের ৩৮ দশমিক ৬ শতাংশই রিকশার ভাড়া পরিশোধে ব্যয় হয়। ব্র্যাক ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) যৌথ গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাটারিচালিত রিকশা: জীবন-জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক টেকসই রূপান্তর’ শীর্ষক নীতি আলোচনা অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। ‘বাংলাদেশে ব্যাটারিচালিত রিকশার রাজনৈতিক ও আর্থসামাজিক বাস্তবতা’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করেছে ব্র্যাক ও বিআইজিডি।

গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ৬২ দশমিক ৯ শতাংশ চালক আয় বন্ধ হয়ে গেলে এক সপ্তাহও পরিবারের ব্যয় চালাতে পারবেন না। জরিপের আগের এক মাসে ২৬ দশমিক ৭ শতাংশ চালক অন্তত একবার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

গবেষণায় আরও দেখা যায়, ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের ৭৮ শতাংশই অন্য জেলা থেকে এসেছেন। তাদের ৮৪ শতাংশ গ্রামে কাজ না থাকার কারণে শহরে এসেছেন। ফলে শুধু রিকশা বন্ধ করে এ খাতের সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে গবেষণায় মত দেওয়া হয়েছে।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনায় গ্যারেজগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রিকশা ভাড়া দেওয়া, চার্জিং, ব্যাটারি পরিবর্তন, মেরামত, ঋণসহায়তা এবং দুর্ঘটনা বা জরিমানার মতো পরিস্থিতিতে সহায়তার জন্য চালকরা এসব গ্যারেজের ওপর নির্ভর করেন।

তবে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ ব্যবহার এবং সরকারি জায়গায় গ্যারেজ পরিচালনার মতো বিষয়ও এর সঙ্গে যুক্ত। অন্যদিকে, প্রচলিত লেড-অ্যাসিড ব্যাটারির অনানুষ্ঠানিক উৎপাদন ও পুনর্ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।

তিন-চার বছরের রূপান্তর পরিকল্পনার তাগিদ

অনুষ্ঠানে গবেষণার আলোকে প্রণীত পলিসি ব্রিফ উপস্থাপন এবং এ বিষয়ে আলোচনা হয়। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, অনানুষ্ঠানিক খাতে যারা কাজ করছেন, তাদের কণ্ঠস্বর নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায় না। ব্যাটারিচালিত রিকশা নিয়ে নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের যে চ্যালেঞ্জগুলো আছে, তা সমাধান করতে হবে চালকদের বাস্তবতা বিবেচনায় নিয়ে, একটি ন্যায্য রূপান্তরের (জাস্ট ট্রানজিশন) মাধ্যমে। আমরা চাই, সংশ্লিষ্ট সব পক্ষ একসঙ্গে বসে তিন থেকে চার বছরের একটি রূপান্তর পরিকল্পনা তৈরি করুক, যাতে চালক ও তাদের পরিবারের জীবিকার ক্ষতি যথাসম্ভব কমিয়ে ধাপে ধাপে এগোনো যায়।

আসিফ সালেহ্ আরও বলেন, রিকশাচালক, ফুটপাতের হকারসহ অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা প্রতিদিন একধরনের অদৃশ্য কর দিচ্ছেন। এই টাকা রাষ্ট্রের কোষাগারে যায় না, যায় বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে। আইনি স্বীকৃতি না থাকায় তাদের প্রতিনিয়ত জরিমানা, চাঁদা আর নানা অনানুষ্ঠানিক খরচ গুনতে হয়, অথচ বিনিময়ে তারা কোনো স্বীকৃতি বা সুরক্ষা পান না। গবেষণায় দেখা গেছে, ৯৬ শতাংশ ব্যাটারিচালিত রিকশাচালকের কোনো লাইসেন্স বা অনুমতিপত্র নেই, আর দুই-তৃতীয়াংশই কোনো না কোনো সময় জরিমানা বা হয়রানির শিকার হয়েছেন। এই অনিয়মের বোঝা বহন করছেন সবচেয়ে দরিদ্র মানুষেরা, আর লাভবান হচ্ছে একটি সুবিধাভোগী চক্র।

তিনি বলেন, গ্রামে কাজের সুযোগ আর ফসলের ন্যায্য দাম না থাকলে মানুষ শহরে আসবেই। শুধু রিকশা বন্ধ করে এই বাস্তবতা বদলানো যাবে না; বরং হঠাৎ চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত লাখো পরিবারকে আরও অনিশ্চয়তায় ফেলবে।

‘শুধু রিকশা নিয়ন্ত্রণ নয়, সমন্বিত পরিকল্পনা দরকার’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, যানজট, বায়ুদূষণ, জলাবদ্ধতা, মশা কিংবা আবর্জনা; নগরের সমস্যাগুলো একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। একটি বাদ দিয়ে আরেকটি নিয়ে ভাবলে সমাধান হবে না। নগরবাসীর যেমন নির্বিঘ্নে চলাচলের অধিকার রয়েছে, তেমনি রিকশাচালকদেরও বেঁচে থাকার ও কাজ করার অধিকার আছে। কিন্তু সবাই যদি ঢাকামুখী হতে থাকে, তবে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। তাই বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে, সব পক্ষকে সঙ্গে নিয়ে এবং ঢাকা শহরের সামগ্রিক সক্ষমতা বিবেচনা করে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, আমরা অটোরিকশা বা রিকশাওয়ালাদের বিপক্ষে নই; তাদের জীবন-জীবিকার অধিকারও রক্ষা করতে হবে। তবে নিয়মের মধ্যে থাকলে জবাবদিহির জায়গা তৈরি হবে এবং আমরা তাদের ভালোভাবে সহযোগিতা করতে পারব। একদিনেই হয়তো সব সমাধান সম্ভব নয়, তবে অবৈধ অবস্থা থেকে তাদের বৈধতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআইজিডির নির্বাহী পরিচালক ইমরান মতিন বলেন, রিকশাচালকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবিকার মধ্যে আছেন। যেকোনো দুর্ঘটনা বা হয়রানির কারণে তারা আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন। পথচারীরা যেমন আমাদের দেশের নাগরিক, তেমনি যারা ব্যাটারিচালিত রিকশা চালাচ্ছেন তারাও আমাদের নাগরিক। এই বাস্তবতা মাথায় রেখেই আমাদের একটি ন্যায্য ও সহজ রূপান্তরের কথা চিন্তা করতে হবে।

পলিসি ব্রিফে যেসব সুপারিশ

গবেষণার আলোকে প্রণীত পলিসি ব্রিফে ব্যাটারিচালিত রিকশা খাতকে পর্যায়ক্রমে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য বাস্তবসম্মত রূপরেখা তৈরির সুপারিশ করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর বাস্তবায়ন সক্ষমতা এবং খাতসংশ্লিষ্ট অংশীজনদের বিধিমালা পরিপালনের সামর্থ্য বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।

পলিসি ব্রিফে অবিলম্বে যানবাহনের ন্যূনতম নিরাপত্তামান, চলাচলের নির্ধারিত এলাকা ও সড়ক ব্যবহারের সুস্পষ্ট নির্দেশনা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি যানবাহন রূপান্তর বা প্রতিস্থাপন, ব্যাটারির মানোন্নয়ন, চার্জিং, বীমা ও লাইসেন্সিংয়ের ব্যয় চালক ও মালিকদের সামর্থ্যের মধ্যে রাখার কথা বলা হয়েছে, যাতে তারা জীবিকা থেকে ছিটকে না পড়েন এবং যাত্রীভাড়াও উল্লেখযোগ্যভাবে না বাড়ে।

বিদ্যমান গ্যারেজ ও সেবা নেটওয়ার্ককে বাদ না দিয়ে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনার মাধ্যমে নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কথাও বলা হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব চার্জিং ব্যবস্থা উৎসাহিত করা এবং ব্যবহৃত ব্যাটারি সংগ্রহ, নিরাপদ নিষ্পত্তি ও পুনর্ব্যবহারের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, ২০২৬ সালে স্থানীয় সরকার বিভাগের প্রণীত ‘তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা’ এ খাতকে স্বীকৃতি ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে এর কার্যকর বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ।

একক নিয়ন্ত্রণমূলক পদক্ষেপে সমাধান নয়

ব্যাটারিচালিত রিকশার ব্যবস্থাপনায় একক কোনো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ যথেষ্ট হবে না বলে উল্লেখ করা হয়েছে গবেষণার ফলাফলে। বলা হয়েছে, সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে দায়িত্ব ও সমন্বয় স্পষ্ট করা, নিয়মের ধারাবাহিক ও সমান প্রয়োগ নিশ্চিত করা এবং চালক, মালিক, গ্যারেজ পরিচালনাকারীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় যুক্ত করা জরুরি।

ব্র্যাকের পরিচালক নাফিউল হাসান নীতি ও মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরেন এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্যানেল আলোচনা সঞ্চালনা করেন। এতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) সাবেক পরিচালক সামছুল হক, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ, ব্র্যাকের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. আসফিকুজ্জামান আকতার, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শফিউল আলম, রহিম আফরোজ ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক ফারাজ রহিম, নিউ এইজ পত্রিকার সাংবাদিক শাহিন আখতার এবং ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের পরিচালক শাশ্বতী বিপ্লব। বিআইজিডির অপারেশনস ডিরেক্টর মেহনাজ রব্বানী গবেষণার ফলাফল উপস্থাপন করেন। এ ছাড়া দুই সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, উন্নয়নকর্মী, গবেষক, প্রকৌশলী, নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

উল্লেখ্য, ঢাকার ৩০০ জন ও বরিশালের ১৫০ জনসহ মোট ৪৫০ জন সক্রিয় ব্যাটারিচালিত রিকশাচালকের ওপর জরিপ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অভিজ্ঞতার ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়। ২০২৬ সালের ১১ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad