সাবেক এমপি আজিজুল বিস্ফোরক আইনের মামলায় কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৮: ৫৫
সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম। ছবি: সংগৃহীত

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আজিজুল ইসলামকে ঢাকার মোহাম্মদপুর থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের এসআই মো. খায়ের উদ্দিন ভুঁইয়া আজিজুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী কায়েস আহমেদ অনর্ব জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।

এর আগে সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের তেজগাঁও জোনের একটি দল।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ নভেম্বর রাত ৮টার দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় ‘নাশকতার জন্য’ কয়েকজন জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ।

এ সময় একজনের কাছ থেকে ককটেল তৈরির উপকরণ উদ্ধারের কথা জানায় পুলিশ। এ ঘটনায় পরে মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।

আজিজুল ইসলাম ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এমপি নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী শাহীন চাকলাদারকে পরাজিত করেছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad