রংপুরে ৪ হত্যা: চার্জশিট ৩০ নভেম্বর, মিলেছে ২ আসামির সংশ্লিষ্টতা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার মামলায় ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিতে যাচ্ছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার তদারকি কর্মকর্তা রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী আজ মঙ্গলবার এসব তথ্য জানান। তিনি বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ ও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডে দুই আসামির জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে সন্দেহাতীতভাবে স্পষ্ট হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ পর্যন্ত অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দুই আসামিই বর্তমানে কারাগারে আছেন।

সনাতন চক্রবর্তী জানান, ডিবি পুলিশের হাতে তদন্তের দায়িত্ব আসার প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হচ্ছে। আদালতে জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে। এ প্রক্রিয়ায় কোর্ট পুলিশেরও ভূমিকা রয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে দুই দফায় বিভিন্ন আলামত সংগ্রহ করে ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সংগ্রহ করা নমুনাগুলোর মধ্যে ছিল খেজুরের বীজ, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, ইয়াবা সেবনের ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পরীক্ষায় খেজুরের বীজে মুগ্ধ দাস, শসার টুকরায় সিদ্ধার্থ দাস এবং সিগারেটের শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন, উদ্ধার হওয়া আলামত, আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করেই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী ও স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিশ্চিত হতে মা-মেয়ের ভ্যাজাইনাল সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

জিন্নাত আলীর দাবি, গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে জানতে পেরেছিলেন আসামিরা। বাড়িতে স্বর্ণালংকার রয়েছে বলেও তাঁদের ধারণা ছিল। এসব সম্পদ চুরির উদ্দেশ্যে পাশের বাড়ির ছাদ দিয়ে গণপতিদের বাড়িতে প্রবেশ করেন তারা। এরপর পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করা হয়।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৩ আগস্ট গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। শুরুতে মামলাটির তদন্তের দায়িত্বে ছিলেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জী। পরে তদন্তভার নেয় মহানগর ডিবি পুলিশ। এরপর থেকে মামলাটি তদন্ত করছেন পরিদর্শক জিন্নাত আলী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad