রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির ডেথ রেফারেন্সের রায় আগামীকাল

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে। দুই আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, সে বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায়ের জন্য দিন ধার্য করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী অংশ নেন। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষ আদালতে জানায়, সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত এবং তাতে অপরাধের পুরো বিবরণ উঠে এসেছে। পাশাপাশি পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত যথাযথ মূল্যায়ন করেই তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
স্বপ্না খাতুনের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপক্ষ জানায়, অপরাধের পুরো ঘটনা তিনি জানতেন এবং সে কারণেই স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তিনি অপরাধের সঙ্গে জড়িত। সোহেল ও স্বপ্নার মধ্যে বোঝাপড়া না থাকলে বাসার ভেতরে এমন অপরাধ ঘটানো সম্ভব হতো না বলেও দাবি করে রাষ্ট্রপক্ষ। এ কারণে সোহেল রানার পাশাপাশি স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডও বহাল রাখার আবেদন জানানো হয়। তবে আসামিপক্ষের আইনজীবী হাফিজুর রহমান খান বলেন, ধর্ষণ ও হত্যায় স্বপ্নার সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। তাই তাকে খালাস দেওয়া উচিত।
মামলার বিবরণ অনুযায়ী, রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি অফিসে চাকরি করেন। একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন সোহেল রানা ও স্বপ্না আক্তার। পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গত ১৯ মে ধর্ষণের পর হত্যা করা হয়। পরে ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিন রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং ৩ জুন আসামিদের ৩৪২ ধারায় পরীক্ষা করা হয়। ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুজনকে মৃত্যুদণ্ড দেন। সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অর্থ পরিশোধ না করলে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ দেওয়ার নির্দেশ দেন আদালত। রায়ে ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ও ৩৭৪ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদনের বিষয়টিও উল্লেখ করা হয়। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় বিচারিক আদালত রায় ঘোষণা করেন। পরে মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছালে দুই আসামি জেল আপিল করেন।











