কিশোরীদের ‘পর্নোগ্রাফি শিল্পে’ উৎসাহের অভিযোগ টিকটকের বিরুদ্ধে

ডেস্ক, রাজনীতি ডটকম
সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয় টিকটক। ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ব্যাপক জনপ্রিয় টিকটক। ছবি: সংগৃহীত

টিকটকের মাধ্যমে পর্নোগ্রাফি ও যৌনবাণিজ্যকে আকর্ষণীয় হিসেবে তুলে ধরা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জনপ্রিয় কনটেন্ট নির্মাতারা প্ল্যাটফর্মটিতে সাধারণ জীবনযাপনের ভিডিও প্রকাশের আড়ালে অন্য মাধ্যমে বিক্রি করা প্রাপ্তবয়স্কদের কনটেন্টের প্রচার করছেন। এতে বিশেষ করে তরুণী ও কিশোরীরা যৌনবাণিজ্যের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে বলে এক গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গবেষকরা এক বছর ধরে অনলি ফ্যানসের জনপ্রিয় কয়েকজন তরুণী কনটেন্ট নির্মাতার টিকটক ভিডিও বিশ্লেষণ করেছেন। এতে দেখা গেছে, কেনাকাটা, পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো, রান্না কিংবা ত্বকের যত্ন নেওয়ার মতো সাধারণ বিষয় নিয়ে ভিডিও তৈরি করলেও সেগুলোর মাধ্যমে পরোক্ষভাবে পর্নোগ্রাফির প্রচার করা হচ্ছে।

টিকটকে অনলি ফ্যানসের নাম উল্লেখ করা কিংবা সরাসরি ওই প্ল্যাটফর্মের লিংক দেওয়া নিষিদ্ধ। তবে সাংকেতিক শব্দ, ইমোজি ও অঙ্গভঙ্গি ব্যবহার করে অন্য প্ল্যাটফর্মে নিজেদের প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কনটেন্ট বিক্রির তথ্য জানাচ্ছেন নির্মাতারা। টিকটকের নীতিমালায় যৌন আবেদনমূলক প্রচারণা এবং স্পষ্ট ছবি আদান-প্রদানের আমন্ত্রণও নিষিদ্ধ। তা সত্ত্বেও এ ধরনের ইঙ্গিতপূর্ণ ভিডিও ছড়িয়ে পড়ছে প্ল্যাটফর্মটিতে।

গবেষণায় দেখা গেছে, অনলি ফ্যানসের অনেক তারকা নিজেদের সাজসজ্জা ও চুলের প্রস্তুতি নিয়ে ‘গেট রেডি উইথ মি’ (জিআরডব্লিউএম) ধরনের ভিডিও প্রকাশ করেন। এসব ভিডিওতে প্রাপ্তবয়স্কদের কনটেন্টের প্রচারে নানা সাংকেতিক পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন ‘পর্ন’ শব্দের বদলে ‘কর্ন’ লেখা কিংবা ভুট্টা ও তারকা চিহ্নের ইমোজি পাশাপাশি ব্যবহার করা। এভাবে টিকটকের নজরদারি এড়িয়ে প্রচারণা চালানোর চেষ্টা করা হয়।

যুক্তরাজ্যের প্রচার সংগঠন সিজ (সেন্টার টু এন্ড অল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন) এবং অস্ট্রেলিয়ার কালেকটিভ শাউট যৌথভাবে ‘টিকটক টু অনলি ফ্যানস পাইপলাইন’ শীর্ষক গবেষণাটি করেছে। কয়েক মাস ধরে তারা পরিচিত কয়েকজন ‘সেক্সফ্লুয়েন্সার’-এর ভিডিও পর্যবেক্ষণ করেন। পাশাপাশি টিকটকের অ্যালগরিদমের মাধ্যমে সুপারিশ করা ভিডিওগুলোও বিশ্লেষণ করেন।

গবেষণায় দেখা গেছে, অনলি ফ্যানসের কনটেন্ট নির্মাতারা টিকটকে নিজেদের আয় ও জীবনযাপনের ধরন তুলে ধরে অন্যদের আকৃষ্ট করছেন। এসব ভিডিওতে যৌন কনটেন্ট বিক্রির মাধ্যমে স্বাধীনতা, আনন্দ, বন্ধুত্ব ও বিপুল অর্থের মালিক হওয়ার সুযোগ হিসেবে অনলি ফ্যানসকে উপস্থাপন করা হয়।

এ ধরনের প্রচারণায় নগদ টাকা, বিলাসবহুল বাড়ি, ব্যক্তিগত উড়োজাহাজ ও দামি গাড়ির ছবি ব্যবহার করা হচ্ছে। একটি ভিডিওর শিরোনামে বলা হয়েছে, ‘২৩ বছর বয়সে আড়াই লাখ পুরুষের কারণে এসব কিছুর মালিক হতে পারার অনুভূতি কেমন।’

কিছু ভিডিওতে অনলি ফ্যানসে অ্যাকাউন্ট খোলাকে দারিদ্র্য ও বেকারত্ব থেকে বেরিয়ে আসার উপায় হিসেবেও দেখানো হচ্ছে। কনটেন্ট নির্মাতারা নিজেদের দরিদ্র অবস্থা থেকে ধনী হয়ে ওঠার গল্প তুলে ধরছেন। গবেষকদের মতে, এসব প্রচারণায় যৌন কনটেন্ট বিক্রিকে নারীদের আর্থিক সংকট কাটিয়ে ওঠা এবং নিজেদের ও পরিবারের জন্য বিলাসবহুল জীবন নিশ্চিত করার সহজ পথ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

অনলি ফ্যানসের নিজস্ব তথ্য অনুযায়ী, ২০১৬ সালে প্ল্যাটফর্মটি চালুর পর থেকে শীর্ষ পাঁচ হাজার কনটেন্ট নির্মাতার প্রত্যেকে ১০ লাখ ডলারের বেশি আয় করেছেন। তবে নিবন্ধিত ৫০ লাখ নির্মাতার গড় বার্ষিক আয় আনুমানিক এক হাজার ডলার।

কালেকটিভ শাউটের মেলিন্ডা ট্যাঙ্কার্ড রেইস্ট টিকটকের সমালোচনা করে একে ‘শিল্পকারখানার মতো বড় পরিসরে মেয়েদের যৌনবাণিজ্যে ঠেলে দেওয়ার একটি ডিজিটাল দালাল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের মতে, তরুণী ও কিশোরীদের এমন একটি শোষণমূলক শিল্প থেকে সুরক্ষা দেওয়া উচিত, যে শিল্প তাদের দিয়ে যৌন উত্তেজক কনটেন্ট তৈরি করাতে প্রলুব্ধ করছে।’

ট্যাঙ্কার্ড রেইস্ট বলেন, অনলি ফ্যানসের সোফি রেইন ও অ্যারি কিটসিয়ার মতো তারকাদের টিকটকে বিপুলসংখ্যক কিশোরী অনুসারী রয়েছে। তারা পর্নোগ্রাফি তৈরি করে কী ধরনের সুবিধা পাওয়া যায়, তা প্রচারে প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন— এমন উদ্বেগ থেকেই গবেষণাটি করার উদ্যোগ নেওয়া হয়।

মিয়ামির বিলাসবহুল পর্নোগ্রাফি নির্মাণ প্রতিষ্ঠান ‘বপ হাউসে’ ধারণ করা ভিডিওর মাধ্যমে পরিচিতি পান সোফি রেইন। ওই প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বিভিন্ন নারী যুক্ত হন, যারা অনলি ফ্যানসে যৌন কনটেন্ট বিক্রি করেন। বপ হাউসে যোগ দেওয়ার জন্য অডিশনের ভিডিওও টিকটকে প্রকাশ করা হয়। আগ্রহী নারীরা যৌন আবেদনমূলক নাচের ভিডিও পোস্ট করে তাতে প্রতিষ্ঠানটির নিয়োগসংক্রান্ত অ্যাকাউন্টকে ট্যাগ করেন।

অনলি ফ্যানসের নির্মাতারা টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী বাড়ানোর ওপর নির্ভর করেন। তাই অন্য প্ল্যাটফর্মে বিক্রির জন্য রাখা প্রাপ্তবয়স্কদের কনটেন্টের বিষয়ে সরাসরি কিছু না বলেও নানা ইঙ্গিতের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করার কৌশল ব্যবহার করছেন তারা। গবেষকদের মতে, টিকটকে তরুণ ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়ায় প্ল্যাটফর্মটি অনলি ফ্যানসের নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ প্রচারমাধ্যম হয়ে উঠেছে। অনেকেরই কনটেন্ট তৈরির যাত্রা শুরু হয়েছে টিকটক থেকে।

টিকটকে জীবনযাপনবিষয়ক ভিডিওর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারও করেন অনলি ফ্যানসের তারকারা। এসব পণ্যের মধ্যে পোষা প্রাণীর খাবার, বার্গার ও আনারসের জুসের মতো সাধারণ সামগ্রীর পাশাপাশি যৌন খেলনা ও কনডমও রয়েছে।

গত বছর বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল অ্যারি কিটসিয়াকে তাদের আরবান ডেকে ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেয়। কিশোরীদের মধ্যে জনপ্রিয় এই ব্র্যান্ডের পণ্য বিশ্বজুড়ে বিক্রি হয়। কিটসিয়া নিজেকে ‘ম্যাট্রেস অ্যাকট্রেস’ বলে পরিচয় দেন। টিকটকে কয়েক লাখবার দেখা এসব বিজ্ঞাপনে তাকে এমন প্রসাধনীর প্রচার করতে দেখা যায়, যা বিছানায়ও ভালোভাবে কাজ করে বলে দাবি করা হয়।

গবেষণার লেখকরা ১৮ বছরের কম বয়সীদের কাছে পর্নোগ্রাফিক কনটেন্ট প্রদর্শনের ওপর বিভিন্ন দেশে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, যৌনবাণিজ্যের প্রচার করে বা এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহ দেয়— এমন পোস্টও নিষেধাজ্ঞার আওতায় আনা উচিত।

এ বিষয়ে টিকটকের এক মুখপাত্র বলেন, ‘টিকটকে যৌন কনটেন্ট শেয়ার বা প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ। আমাদের কমিউনিটি নীতিমালা কার্যকর করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। এ ছাড়া কিশোর-কিশোরীদের কাছে বয়সের অনুপযোগী কনটেন্ট পৌঁছানো ঠেকাতে আমাদের ব্যবস্থা রয়েছে।’

অন্যদিকে অনলি ফ্যানসের এক মুখপাত্র বলেন, ‘অনলি ফ্যানস ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য একটি প্ল্যাটফর্ম। অপ্রাপ্তবয়স্করা যাতে এতে প্রবেশ করতে না পারে, সে জন্য নিবন্ধনের ক্ষেত্রে আমাদের কঠোর যাচাইপ্রক্রিয়া রয়েছে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad