২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তি সম্মানি পাবেন: সংসদে ধর্মমন্ত্রী

চলতি অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এ সম্মানি পাবেন। তবে মসজিদের খতিবদের আপাতত এ সম্মানির আওতায় আনার পরিকল্পনা নেই।
পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের প্রশ্নের জবাবে ২০২৭ সালের হজ নিয়েও তথ্য দেন ধর্মমন্ত্রী। তিনি জানান, আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
হজ ব্যবস্থাপনার মোট ব্যয়ের দুই-তৃতীয়াংশ সৌদি সরকার নির্ধারণ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভিসা ফি ও ভ্যাটসহ হজযাত্রীদের খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এদিকে সংসদে সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান নদীদূষণ ও নাব্যতা সংকট নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সেতু নির্মাণের কারণে নদীতে চর পড়ছে, নদী সরু হয়ে নৌপথ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে সুয়ারেজ সংযোগের কারণে বুড়িগঙ্গাসহ বিভিন্ন নদীর পানি দূষিত হচ্ছে।
নদীর নাব্যতা রক্ষা, দূষণ রোধ এবং সেতু নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি। বুড়িগঙ্গার তীরে শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে— এমন একটি সংবাদ দেখেছেন বলেও উল্লেখ করেন কামরুল হাসান।
জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নদী দূষণ রোধে ইতিমধ্যে পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন সিটি ও জেলা প্রশাসকের সমন্বয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, নদী দূষণ রোধের বিষয়টি অন্য মন্ত্রণালয়ের কাজ।














