কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে: ইসি মাছউদ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের কারণে আসনটি শূন্য হয়েছে। এ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে ইসি মাছউদ বলেন, ‘আইনের বাধ্যবাধকতা আছে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করার। আমরা ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করব।’
স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে উপনির্বাচনটি সাংঘর্ষিক হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, প্রভাব ফেলব না। এমন হতে পারে ওখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন আমরা নাও করতে পারি। আবার যদি দুটো একসঙ্গে করা যাবে কি না তাও আমরা পর্যালোচনা করে দেখব।’
এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন বিএনপির ড. ওসমান ফারুক। চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। ওই সময় সংসদ সচিবালয়ে চিঠি দিয়ে নিজের অনুপস্থিতির বিষয়টি জানিয়েছিলেন।
ওসমান ফারুকের পদত্যাগের পর মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর, ২০২৬ তারিখে পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’
সংবিধানের বিধান তুলে ধরে স্পিকার বলেন, ‘এমতাবস্থায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ই নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।’ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন তিনি।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়। আর ১২৩ অনুচ্ছেদের ৪ দফা অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে সাধারণভাবে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন দিতে হয়।














