স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করছেন কর্মীরা। ফাইল ছবি
নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করছেন কর্মীরা। ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে স্থগিত হওয়া নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে সভাটি হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। এতে সংশ্লিষ্ট সদস্যদের সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালে অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়। ওই সভায় মালিকপক্ষের পক্ষ থেকে নিম্নতম মজুরির প্রস্তাব দেওয়ার কথা ছিল। এর আগে শ্রমিকপক্ষ চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দিয়েছিল।

মজুরি প্রস্তাব সম্পর্কে শ্রমিকপক্ষের বক্তব্য, চার সদস্যের পরিবারের পুষ্টি, ক্যালরির চাহিদা, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তারা।

পোশাকশিল্পের শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

গত পাঁচটি মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের দাবির তুলনায় মালিকপক্ষের প্রস্তাব ছিল অর্ধেক বা তারও কম। প্রতিবারই শ্রমিকদের প্রত্যাশার চেয়ে মালিকপক্ষের প্রস্তাব অনেক কম হওয়ায় অসন্তোষ তৈরি হয়। পরে শ্রমিকদের ধারাবাহিক আন্দোলন ও আলোচনায় দর-কষাকষির মাধ্যমে প্রাথমিক প্রস্তাবের চেয়ে বেশি মজুরি দিতে রাজি হয় মালিকপক্ষ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad