২ হাজার টন ধারণক্ষমতার দুটি উদ্ধারকারী জাহাজ কিনবে সরকার: নৌমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় সংসদে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি: সংসদ টিভি থেকে
জাতীয় সংসদে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি: সংসদ টিভি থেকে

দেশের নদী ও সমুদ্রপথে উদ্ধার কার্যক্রম জোরদার করতে অন্তত দুই হাজার টন উত্তোলনক্ষমতাসম্পন্ন দুটি উচ্চক্ষমতার উদ্ধারকারী জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য জাহাজের পাশাপাশি সহায়ক নৌযান ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দিনাজপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ‘দুটি উচ্চক্ষমতার উদ্ধারকারী জাহাজ, সহায়ক নৌযান ও সংশ্লিষ্ট সরঞ্জাম সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পের প্রস্তাব করেছে।

প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) সম্পন্ন করে। একই মাসে চুক্তির শর্ত অনুযায়ী পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত প্রতিবেদন ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দেয়।

মন্ত্রী বলেন, বিআইডব্লিউটিএ ২০২১ সালের ২১ ডিসেম্বর পুনর্গঠিত প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠায়। পরে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাবটি ভৌত অবকাঠামো বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হয়। ওই বছরের ২৭ মার্চ তৎকালীন পরিকল্পনামন্ত্রী প্রকল্পটিতে নীতিগত অনুমোদন দেন।

তিনি জানান, প্রকল্পে বৈদেশিক অর্থায়নের সম্ভাবনা যাচাইয়ে ২০২২ সালের ১০ এপ্রিল ইআরডি বৈদেশিক সহায়তা অনুসন্ধান কমিটির সভা করে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন চেয়ে একই বছরের ১৮ এপ্রিল পিডিপিপিটি ইআরডির সংশ্লিষ্ট অনুবিভাগ ও শাখায় পাঠানো হয়। এ সময় জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে অর্থায়ন পাওয়ার উদ্যোগ নেওয়া হয়।

নৌপরিবহনমন্ত্রী বলেন, প্রকল্পটির জন্য বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন সংগ্রহে ইআরডির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এটি পরিকল্পনা কমিশনের ‘গ্রিন পেজেস’-এ অন্তর্ভুক্ত করার প্রস্তাবও জমা দেওয়া হয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) আওতায় ২০২৫-২০২৭ মেয়াদে অনুমোদনের অপেক্ষায় থাকা পাইপলাইন প্রকল্পের তালিকায়ও এটি রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad