রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর সাময়িক বরখাস্ত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
এসপি মো. জাহাংগীর। ছবি: সংগৃহীত
এসপি মো. জাহাংগীর। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী তাকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনটিতে সই করেছেন। এতে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। পরে গত ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুসারে মো. জাহাংগীর আলমকে ১৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত থাকাকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad