দেড় বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর লক্ষ্য, আন্তর্জাতিক অংশীদারদের যুক্ত করবে বাংলাদেশ

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায় ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদে নিজ বাসভূমিতে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার করবে বাংলাদেশ। এ লক্ষ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বহুপাক্ষিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক অংশীদারদের সঙ্গে কাজ করবে ঢাকা। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের।
শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আইসিজের রায় নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে। যারা স্বজন হারিয়েছেন, তাদের ক্ষতির আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। তবে জীবিত পরিবারের সদস্যরা যেন নিজেদের জীবন নতুন করে গড়ে তুলতে পারেন, সে জন্য মিয়ানমারের কাছ থেকে ক্ষতিপূরণমূলক ব্যবস্থা আদায়ের চেষ্টা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, আইসিজের রায়টি ঐতিহাসিক। কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায়ে আদালতের এমন সিদ্ধান্ত এই প্রথম। রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। মামলার পক্ষগুলোর জন্য এটি আইনিভাবে বাধ্যতামূলক। এ রায় আন্তর্জাতিক আইনে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেছে। ফলে ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আরও জোরালোভাবে আলোচনা করা সম্ভব হবে।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে হুমায়ুন কবির বলেন, তাড়াহুড়ো করে তাদের মিয়ানমারে পাঠিয়ে দিলেই নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত হবে না। রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর তারা যেন নিরাপদে বসবাস করতে পারে, জীবিকা পুনর্গঠন করতে পারে এবং স্বাভাবিক জীবন ফিরে পায়, সেই পরিবেশ তৈরি করতে হবে।
এ জন্য জাতিসংঘের সংস্থা ও অন্যান্য অংশীদারদের নিয়ে বহুপাক্ষিক উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগামীকালই প্রত্যাবাসন সম্ভব নয়। তবে এক থেকে দেড় বছরের মধ্যে নিরাপদে ফেরার ব্যবস্থা তৈরির লক্ষ্যে আলোচনা জোরালো করা হবে।
গাম্বিয়া মামলাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুললে বাংলাদেশও বিষয়টির অনুসরণ করবে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাখাইনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘের বিস্তৃত সংস্থা ও দ্বিপাক্ষিক অংশীদারদের সঙ্গে আলোচনা করে অবস্থান নির্ধারণ করা হবে।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে রাখাইনে ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন ও গ্রাম ধ্বংসের ঘটনায় প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। পরে আরও কয়েক দফায় লক্ষাধিক রোহিঙ্গা নাগরিক এসেছেন বাংলাদেশে। তাদের উপস্থিতিতে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া পরিণত হয়েছে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে। সেখানে বসবাসরত রোহিঙ্গাদের সংখ্যা এখন সরকারি হিসাবেই ১২ লাখের বেশি, বেসরকারি হিসাবে যা প্রায় ১৫ লাখ।
ওই ঘটনার পর ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করে গাম্বিয়া। ওআইসির সমর্থনে করা মামলায় ২০২০ সালের জানুয়ারিতে আদালত রোহিঙ্গাদের সুরক্ষা এবং গণহত্যার প্রমাণ সংরক্ষণে মিয়ানমারকে অন্তর্বর্তী আদেশ দিয়েছিলেন।
সাত বছর পর গতকাল বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেছেন আইসিজে। চূড়ান্ত রায়ে ২০১৭ সালের অভিযানে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনের দায়ে মিয়ানমারকে দায়ী করেন আদালত। একই সঙ্গে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের বিচারের বাধ্যবাধকতা পালনে দেশটির ব্যর্থতা চিহ্নিত করা হয়। আদালত অপরাধীদের তদন্ত ও বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মামলার আনুষ্ঠানিক পক্ষ না হলেও প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশ হিসেবে শুরু থেকেই বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।
মামলাটি দায়ের করায় গাম্বিয়া, সমর্থন দেওয়ায় ওআইসি ও ১১টি রাষ্ট্র এবং দীর্ঘদিন রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেওয়ায় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।


-c63a26.jpg)









-c63a26.jpg)



