মিয়ানমার আইসিজের রায় মানতে বাধ্য, নইলে ফল ভালো হবে না: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে রোহিঙ্গাদের গণহত্যার দায়ের অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে রায় ঘোষণা করেছেন তা মিয়ানমার মানতে বাধ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। এ রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।’
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন। তিনি একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদেরও (ইউএনজিএ) সভাপতি।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেলে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর জন্য দায়ী করে রায় ঘোষণা করেন। পরদিনই রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন খলিলুর রহমান।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মন্ত্রী উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও নিজ দেশে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে ও ঐতিহাসিক মুহূর্তে আমি ক্যাম্পে এসেছি। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।
রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যেন তারা আবারও নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার না হন, সেজন্য নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’
ইউএনজিএ সভাপতি আরও বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি করতে হবে। প্রত্যাবাসন হতে হবে এমন পরিবেশে, যেখানে তারা ভয়ভীতি ছাড়াই নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।’
মন্ত্রীর সঙ্গে থাকা ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, ‘বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন শরণার্থীশিবিরে থাকতে চাই না। আমাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’
এর আগে বৃহস্পতিবার ঘোষণা করা রায়ে আইসিজের বিচারকরা স্পষ্টভাবে বলেন, রোহিঙ্গারা গণহত্যা সনদের আওতায় সুরক্ষিত একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। তাদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড, শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং সন্তান জন্মদান প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ গণহত্যার আওতায় পড়ে।
রায়ে প্রতিকারমূলক ব্যবস্থারও নির্দেশ রয়েছে। আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনে সহায়তা, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া কিংবা প্রতিস্থাপন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা দিয়েছে। এ ছাড়া ভবিষ্যতে একই ধরনের অপরাধ যেন না ঘটে, সে জন্য নিশ্চয়তা ও কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মিয়ানমারকে এসব প্রতিকারমূলক ব্যবস্থা এবং ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। অর্থাৎ, সময়সীমা ২০২৮ সালের ১৯ নভেম্বর। তবে দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়নি। বরং প্রত্যাবাসনসহ প্রতিকারমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে মিয়ানমারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।


-c63a26.jpg)












