রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় ‘ইতিবাচক’, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
-c63a26.jpg)
রোহিঙ্গাদের গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এ রায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ‘অত্যন্ত ইতিবাচক’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আইসিজের রায়ের পরপরই তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী। আরেক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছেন, বাংলাদেশ এ রায়ে সন্তুষ্ট।
এ দিন বাংলাদেশ সময় বিকেলে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা নিয়ে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, ২০১৬-১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। গাম্বিয়ার করা মামলায় ১৫ বিচারকের আদালত ৯-৬ ভোটে এ রায় দেন। আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।
রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল আইসিজে। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হওয়ার জন্যও দায়ী করেছেন।
বাংলাদেশের ওপর এই রায়ের তাৎপর্য কী হবে, আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সে বিষয়টি তুলে ধরবে আগামীকাল শুক্রবার।
শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গাদের ওপর যে অনাচার, জেনোসাইড হয়েছে, এটা অত্যন্ত পরিষ্কার। এই রায়ে বলা হয়েছে, রাখাইন স্টেটে রোহিঙ্গা একটা গ্রুপ আছে, তাদের একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য যে কার্যক্রম চালিয়েছে, সেটা এই রায়ে উঠে এসেছে।
শামা ওবায়েদ আরও বলেন, বহু বছর ধরে বাংলাদেশ মিয়ানমার সম্প্রদায়ের সঙ্গে কথা বলে আসছে, সবকিছুকে জোরদার করবে আজকের এই রায়টা। আন্তর্জাতিক মহলের প্রতি আমাদের আহ্বান হবে, এ রায়ের ওপর নির্ভর করে মিয়ানমার সরকারকে এবং আরাকান আর্মিকে চাপ দেওয়ার একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে, সেই ক্ষেত্রটি যেন সবাই কাজে লাগায়।
এ রায়ের ফলে মিয়ানমারে ফের রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরুর আশঙ্কা রয়েছে কি না— এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সজাগ আছে, বাংলাদেশ কখনোই চায় না কোনো একটি রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর আরও অত্যাচার নিপীড়ন নেমে আসুক।
এ রায়ের ফলে এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর প্রক্রিয়া শুরু হবে প্রত্যাশা জানিয়ে শামা ওবায়েদ বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি বুঝতে পারবে যে এই রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজের দেশে সম্মানের সঙ্গে ফিরে যেতে চায়। আজকের এই রায়কে তারা সম্মান জানাবে এবং প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে— এটাই আমরা চাই।
আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, আইসিজের রায়কে আমরা স্বাগত জানাই। এ রায়ে আমরা সন্তুষ্ট। আপনারা হয়তো দেখে থাকবেন, এবারই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানাল আইসিজে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে চালানো গণহত্যার জন্য মিয়ানমার রাষ্ট্রকে নিন্দা করা হয়েছে।
রায়ে ক্ষতিপূরণের বিষয়টি এসেছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি আক্রান্ত দেশগুলোর ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ইতিবাচক ফল এখানে আছে। সুতরাং বাংলাদেশের জন্যও কিছু ইতিবাচক প্রভাব থাকবে।














-c2ac26-256x144.webp)
