রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল এইচআরডব্লিউ, প্রত্যাবাসন নিশ্চিতের আহ্বান

ডেস্ক, রাজনীতি ডটকম
রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ছবি: ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর ও হিউম্যান রাইটস ওয়াচের লোগোর কোলাজ
রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। ছবি: ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর ও হিউম্যান রাইটস ওয়াচের লোগোর কোলাজ

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সংস্থাটি বলেছে, এই রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের দীর্ঘদিনের নির্যাতন ও নিপীড়নের স্বীকৃতি। একই সঙ্গে বিশ্ব জুড়ে গণহত্যা ও গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে এটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। এ রায়ের পর রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে এইচআরডব্লিউ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এইচআরডব্লিউয়ের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক পরামর্শক মারিয়া এলেনা ভিনিওলি এসব কথা বলেন। এর আগে এ দিন বাংলাদেশ সময় বিকেলে আইসিজে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা করেন, যেখানে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করেছেন আদালত।

বিবৃতিতে এলেনা ভিনিওলি বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতের এই ঐতিহাসিক রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গাদের যে দুর্ভোগ ও নির্যাতন সহ্য করতে হয়েছে, তার দীর্ঘপ্রতীক্ষিত স্বীকৃতি। গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টায় এই রায় গুরুত্বপূর্ণ নজির তৈরি করেছে।’

মিয়ানমারকে দ্রুত আদালতের রায় মেনে চলার আহ্বান জানিয়ে ভিনিওলি বলেন, দেশটির রোহিঙ্গাদের ওপর নিপীড়ন বন্ধ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোকে রোহিঙ্গাদের পাশে জোরালোভাবে দাঁড়ানো, সংঘটিত নৃশংসতার বিচার নিশ্চিত করা এবং আদালতের রায় বাস্তবায়নে মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ প্রয়োগ করতে হবে।

রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে জানায়, ২০১৬-১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। গাম্বিয়ার করা মামলায় ১৫ বিচারকের আদালত ৯-৬ ভোটে এ রায় দেন। আদালতের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল আইসিজে। আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হওয়ার জন্যও দায়ী করেছেন।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। পরে আরও কয়েক দফায় রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। সব মিলিয়ে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার আশ্রয়শিবিরে সরকারি হিসাবেই প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। বেসরকারি হিসাবে এ সংখ্যা ১৫ লাখের বেশি।

রোহিঙ্গারা আসার পর থেকেই বাংলাদেশ তাদের নিজ ভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি জানিয়ে আসছে। এ নিয়ে গত ৯ বছর ধরেই মিয়ানমার সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে। মিয়ানমার মুখে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বললেও প্রত্যাবাসন প্রক্রিয়া এখনো কার্যত শুরুই হয়নি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad