মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা মন্ত্রণালয়ের

মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ, মেডিকেল স্লিপ ইস্যু, পরীক্ষার প্রতিবেদন সংরক্ষণ ও অনলাইনে জমা দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ দিন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের (এফডব্লিউসিএমএস) আওতাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা জারির কথা জানান।
মন্ত্রী বলেন, “কর্মীদের হয়রানি বন্ধ এবং মেডিকেল পরীক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানদণ্ডে ও নির্ভরযোগ্য করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
১১ দফা নির্দেশনায় যা রয়েছে
নির্দেশনা অনুযায়ী, মালয়েশিয়ার চাহিদাপত্র বা ডিমান্ড লেটারে উল্লেখ করা কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। তবে চাহিদাপত্রে থাকা সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি স্লিপ দেওয়া যাবে। এর বাইরে অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে বা নিজেদের ইচ্ছায় স্লিপ ইস্যু করা যাবে না।
মেডিকেল সেন্টারগুলোকে প্রতিদিনের পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন তৈরি ও সংরক্ষণের পাশাপাশি অনলাইনে মন্ত্রণালয়ে জমা দিতে হবে। প্রতিবেদনে কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বরসহ প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে।
স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কোনো অর্থ আদায় করা যাবে না। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে অযোগ্য (আনফিট) ঘোষণা করে অপ্রয়োজনে একাধিকবার পরীক্ষা করানোও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, সরবরাহ কিংবা ব্যবহার করা যাবে না।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছানোর পর নিয়োগপ্রাপ্ত হওয়ার আগপর্যন্ত আনফিট হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে তার সব ব্যয় বহন করতে হবে। এর মধ্যে দেশে ফেরত পাঠানোর খরচও অন্তর্ভুক্ত থাকবে।
মেডিকেল সেন্টারগুলোতে আধুনিক যন্ত্রপাতি, প্রয়োজনীয় পরীক্ষার সরঞ্জাম, পর্যাপ্ত চিকিৎসাসেবা-সুবিধা ও বসার ব্যবস্থা রাখতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম মেনে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া ‘মাইগ্রাম’ নামে কোনো অর্থ আদায় করা যাবে না। প্রতিটি মেডিকেল সেন্টারের প্রবেশপথের সামনে এ-সংক্রান্ত নির্দেশনা উল্লেখ করে বড় ও দৃশ্যমান বিলবোর্ড স্থাপন করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনার শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসব কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে।













-ad0fb6-256x144.webp)

-78eff2-256x144.webp)