রায় কার্যকরের ক্ষমতা নেই আইসিজের, তবু কেন গুরুত্বপূর্ণ রোহিঙ্গা গণহত্যার বিচার
-c63a26.jpg)
রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। তবে এ রায়ের পরও রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরা, হারানো সম্পত্তি ফিরে পাওয়া কিংবা গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত হওয়ার কোনো নিশ্চয়তা তৈরি হয়নি।
কারণ, আইসিজের নিজস্ব কোনো পুলিশ, সামরিক বাহিনী বা রায় বাস্তবায়ন করানোর মতো নির্বাহী ব্যবস্থা নেই। আদালতের নির্দেশ অমান্য করলেও মিয়ানমারের বিরুদ্ধে সরাসরি বলপ্রয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানটির নেই। তাহলে সাত বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর এই রায়ের প্রকৃত তাৎপর্য কোথায়?
বিশেষজ্ঞদের মতে, এর গুরুত্ব শুধু মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি গণহত্যার দায় প্রতিষ্ঠা, ভুক্তভোগীদের অভিজ্ঞতার আন্তর্জাতিক আইনি স্বীকৃতি, ক্ষতিপূরণ ও প্রত্যাবাসনের অধিকার প্রতিষ্ঠা এবং মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ তৈরির নতুন ভিত্তি তৈরি হয়েছে এই রায়ের মাধ্যমে। একই সঙ্গে ভবিষ্যতে অন্য গণহত্যার মামলার বিচারেও এটি গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠতে পারে।
রায় কি কার্যকর করতে পারবে আইসিজে?
আইসিজে জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা। রাষ্ট্রগুলোর মধ্যে আন্তর্জাতিক আইনসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা এর কাজ। আদালতের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর জন্য আইনিভাবে বাধ্যতামূলক ও চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। কিন্তু রায় কার্যকর করার জন্য আদালতের নিজস্ব কোনো প্রশাসনিক বা সামরিক ব্যবস্থা নেই।
জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদে এ বিষয়ে একটি ব্যবস্থা রাখা হয়েছে। এ অনুচ্ছেদ অনুযায়ী, জাতিসংঘের কোনো সদস্যরাষ্ট্র আইসিজের রায় মানতে ব্যর্থ হলে বিরোধের অপর পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। নিরাপত্তা পরিষদ চাইলে রায় কার্যকরে সুপারিশ করতে পারে কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারে।
কিন্তু বড় বাধাটাও এখানেই। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের যেকোনো একটি দেশ ভেটো দিলে গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব আটকে যেতে পারে। তাছাড়া নিরাপত্তা পরিষদে রায় বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া বাধ্যতামূলক নয়, এটি পরিষদের সিদ্ধান্ত ও রাজনৈতিক সমীকরণের ওপর নির্ভর করে। আইসিজের রায় কার্যকর করতে নিরাপত্তা পরিষদের এই বিশেষ ক্ষমতা ব্যবহারের নজিরও নেই।
অর্থাৎ, মিয়ানমার রায় অমান্য করলে গাম্বিয়া নিরাপত্তা পরিষদে যেতে পারবে, কিন্তু সেখানে গিয়ে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে পারবে কি না, তা নির্ভর করবে আন্তর্জাতিক রাজনীতির ওপর। আর এ ক্ষেত্রেও নিরাপত্তা পরিষদে রয়েছে ভেটো ক্ষমতাধারী চীন, যাদের গত এক দশক ধরে রোহিঙ্গা সংকটে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের নীতি নিতে দেখা যায়নি।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ব্যাখ্যাতেও বিষয়টি উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, আইসিজের রায় আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধ্যতামূলক হলেও তা বাস্তবায়নে নিরাপত্তা পরিষদের ভূমিকা রাজনৈতিক বিবেচনার ওপর নির্ভরশীল। পরিষদ চাইলে ব্যবস্থা নিতে পারে, কিন্তু তা করার বাধ্যবাধকতা নেই।
প্রথমবার রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠা
এ রায়ের সবচেয়ে বড় তাৎপর্য আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর আইসিজে এবারই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী সাব্যস্ত করেছে।
এর আগে ২০০৭ সালে বসনিয়া ও হার্জেগোভিনার মামলায় আদালত বলেছিলেন, স্রেব্রেনিৎসায় বসনীয় সার্ব বাহিনীর হাতে গণহত্যা সংঘটিত হয়েছিল। তবে সার্বিয়া সরাসরি সেই গণহত্যা সংঘটন করেছে বলে আদালত সিদ্ধান্ত দেননি। বরং গণহত্যা প্রতিরোধ এবং অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হওয়ার জন্য সার্বিয়াকে দায়ী করেছিলেন।
মিয়ানমারের মামলায় পরিস্থিতি ভিন্ন। ১৫ বিচারকের মধ্যে ৯ জনের সমর্থনে আদালত সিদ্ধান্ত দিয়েছেন, ২০১৬-১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা করেছে। অর্থাৎ, এবার শুধু গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা নয়, রাষ্ট্রের নিজস্ব নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রীয় দায়ও প্রতিষ্ঠিত হয়েছে।
এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠার ফলে মিয়ানমার শুধু তার সামরিক বাহিনীর কয়েকজন সদস্যের অপরাধের জন্য নয়, আন্তর্জাতিক গণহত্যা সনদের অধীনে রাষ্ট্র হিসেবে নিজের বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দায়ী হলো।
এতে মিয়ানমারের আন্তর্জাতিক অবস্থানও বদলে যাবে। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, সামরিক সহযোগিতা, অস্ত্র সরবরাহ কিংবা অর্থনৈতিক যোগাযোগের ক্ষেত্রে অন্য রাষ্ট্রগুলোর ওপর নতুন রাজনৈতিক ও নৈতিক চাপ তৈরি হবে।
কী পেলেন রোহিঙ্গারা?
রোহিঙ্গাদের জন্য এ রায়ের প্রথম অর্জন তাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক আইনি স্বীকৃতি। কয়েক দশক ধরে নাগরিকত্বহীনতা, বৈষম্য, চলাচলে বিধিনিষেধ, নির্যাতন ও সহিংসতার শিকার এই জনগোষ্ঠীকে মিয়ানমার রাষ্ট্র দীর্ঘদিন ধরে স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। ২০১৭ সালের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।
এবার আইসিজে স্পষ্টভাবে বলেছে, রোহিঙ্গারা গণহত্যা সনদের আওতায় সুরক্ষিত একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। তাদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড, শারীরিক ও মানসিক ক্ষতিসাধন এবং সন্তান জন্মদান প্রতিরোধের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ গণহত্যার আওতায় পড়ে।
এর ফলে মিয়ানমার ভবিষ্যতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধকে নিছক নিরাপত্তা অভিযান কিংবা সন্ত্রাসবিরোধী কার্যক্রম হিসেবে ব্যাখ্যা করে দায় এড়ানোর সুযোগ অনেকটাই হারাল।
রায়ে শুধু অপরাধের স্বীকৃতি নয়, প্রতিকারমূলক ব্যবস্থারও নির্দেশ রয়েছে। আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনে সহায়তা, ধ্বংস বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া কিংবা প্রতিস্থাপন, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা দিয়েছে। এ ছাড়া ভবিষ্যতে একই ধরনের অপরাধ যেন না ঘটে, সে জন্য নিশ্চয়তা ও কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মিয়ানমারকে এসব প্রতিকারমূলক ব্যবস্থা এবং ক্ষতিপূরণের পরিমাণ ও পদ্ধতি সম্পর্কে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। অর্থাৎ, সময়সীমা ২০২৮ সালের ১৯ নভেম্বর। তবে দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়নি। বরং প্রত্যাবাসনসহ প্রতিকারমূলক ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে মিয়ানমারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ।
ব্যক্তিগত অপরাধের বিচার কি হবে?
রাষ্ট্র হিসেবে মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হলেও দেশটির সামরিক জান্তা, সাবেক সেনাপ্রধান কিংবা অভিযানে অংশ নেওয়া সেনাসদস্যদের ব্যক্তিগত অপরাধের বিচার এ রায়ের মাধ্যমে সম্পন্ন হয়নি। এটি আইসিজে ও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ারের একটি মৌলিক পার্থক্য।
আইসিজে রাষ্ট্রের আন্তর্জাতিক আইনগত দায় নির্ধারণ করে। অন্যদিকে আইসিসি ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে। ফলে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হওয়া মানেই মিন অং হ্লাইং কিংবা অন্য সামরিক কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে অপরাধী সাব্যস্ত হয়েছেন— এমন নয়।
তবে এ রায় ব্যক্তিগত অপরাধের বিচারপ্রক্রিয়াকে শক্তিশালী করতে পারে। কারণ, আদালতে উপস্থাপিত প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং গণহত্যার অভিপ্রায় সম্পর্কে বিচারকদের সিদ্ধান্ত ভবিষ্যতে ব্যক্তিগত অপরাধের তদন্ত ও বিচারে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে।
মিয়ানমারের অপরাধ তদন্তে জাতিসংঘের স্বাধীন তদন্ত সংস্থা ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম) এরই মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংস্থাটির প্রধান নিকোলাস কুমজিয়ান জানিয়েছেন, আইসিজে তাদের সংগৃহীত প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং ছয়টি বিশ্লেষণধর্মী প্রতিবেদনের প্রমাণকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। তবে রাষ্ট্রের দায় প্রতিষ্ঠা এবং ব্যক্তির ফৌজদারি দায় নির্ধারণ আলাদা বিচারিক প্রক্রিয়া। এ জন্য পৃথক তদন্ত ও বিচার প্রয়োজন।
এ ছাড়া আইসিসিতে মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে। ২০২৪ সালের নভেম্বরে আইসিসির কৌঁসুলী মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন। তবে এ বিষয়ে আদালতের প্রকাশ্য সিদ্ধান্ত এখনো আসেনি। আর্জেন্টিনাসহ কয়েকটি দেশেও সর্বজনীন এখতিয়ারের আওতায় মিয়ানমারের সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারিক উদ্যোগ রয়েছে। ফলে আইসিজের রায় এসব উদ্যোগের জন্য নতুন আইনি ও রাজনৈতিক ভিত্তি তৈরি করতে পারে।
গাজা মামলা থেকে বাংলাদেশের ভবিষ্যৎ— কতটা প্রভাব পড়বে?
মিয়ানমারের বিরুদ্ধে এ রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো— গণহত্যার অভিপ্রায় প্রমাণের ক্ষেত্রে আদালতের দৃষ্টিভঙ্গি। গণহত্যার অভিযোগ প্রমাণের জন্য শুধু হত্যাকাণ্ড বা ব্যাপক নির্যাতনের প্রমাণ যথেষ্ট নয়, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট অভিপ্রায়ও প্রতিষ্ঠা করতে হয়। এই অভিপ্রায় সরাসরি নির্দেশ বা বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হতে পারে। আবার ধারাবাহিক কর্মকাণ্ডের ধরন, ব্যাপ্তি ও পরিস্থিতি বিশ্লেষণ করেও তা নির্ধারণ করা যায়।
আন্তর্জাতিক আইনবিষয়ক বিশেষজ্ঞ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের অধ্যাপক মার্কো মিলানোভিচ মনে করেন, মিয়ানমারের বিরুদ্ধে রায়টি আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি বড় ঘটনা। তার ভাষায়, প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত একটি রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে। রোহিঙ্গা নিপীড়নের শিকার ব্যক্তিদের জন্য এই স্বীকৃতিই ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ অংশ।
মিলানোভিচের মতে, বিচারকদের ৯-৬ ভোটের বিভক্তি মামলাটির আইনি জটিলতা তুলে ধরে। আদালত গণহত্যার সংজ্ঞা পরিবর্তন বা সম্প্রসারণ করেননি। বরং গণহত্যার অভিপ্রায় প্রমাণে পারিপার্শ্বিক ও পরিস্থিতিগত প্রমাণ বিবেচনার ক্ষেত্রে তুলনামূলক নমনীয় পদ্ধতি গ্রহণ করেছেন। তার মতে, ভবিষ্যতে গাজা নিয়ে দক্ষিণ আফ্রিকার মামলাসহ আইসিজেতে বিচারাধীন অন্যান্য গণহত্যার মামলায় এই রায় গভীরভাবে পর্যালোচনা করা হবে।
একই বিষয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ডাবলিনের অধ্যাপক মাইকেল বেকার কিছুটা সতর্ক অবস্থান তুলে ধরেছেন। আল জাজিরাকে তিনি বলেন, গণহত্যার স্বীকৃতি রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে, কিন্তু বাস্তুচ্যুত ১০ লাখের বেশি মানুষের জীবনে স্বল্প মেয়াদে খুব বেশি পরিবর্তন নাও আনতে পারে।
বেকারের মতে, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি রায়ের নির্দেশ বাস্তবায়নের অনুকূল নয়। ফলে এই রায়কে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।
গাজা মামলার ক্ষেত্রে এ রায়ের প্রভাব নিয়ে বিশেষজ্ঞদের আগ্রহের কারণও এখানে। দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। ইসরায়েল অভিযোগ অস্বীকার করে আসছে।
মিয়ানমারের মামলায় গণহত্যার অভিপ্রায় নির্ধারণে আদালত যেসব প্রমাণ ও যুক্তি বিবেচনা করেছেন, সেগুলো গাজা মামলার বিচারিক বিশ্লেষণে প্রাসঙ্গিক হতে পারে। তবে দুই মামলার ঘটনা, প্রমাণ ও আইনি প্রশ্ন এক নয়। তাই মিয়ানমারের রায় থেকে ইসরায়েলের মামলার ফলাফল আগাম নির্ধারণ করা যাবে না।
বাংলাদেশের জন্যও এই রায়ের তাৎপর্য কেবল আন্তর্জাতিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ নয়। ২০১৭ সাল থেকে ১০ লাখের বেশি রোহিঙ্গার আশ্রয় ও মানবিক সহায়তার দায়িত্ব বহন করছে বাংলাদেশ। তাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা বহুবার হয়েছে; কিন্তু নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও সম্পত্তির অধিকার নিশ্চিত না হওয়ায় প্রত্যাবাসন শুরু করা যায়নি।
আইসিজের রায় বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে। কারণ, এখন প্রত্যাবাসনের প্রশ্নটি শুধু বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় সমস্যা নয়, এটি গণহত্যার দায়ে অভিযুক্ত একটি রাষ্ট্রের আন্তর্জাতিক আইনগত বাধ্যবাধকতার বিষয়। রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পরিবেশ তৈরি করা এবং তাদের হারানো অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্বও আদালতের নির্দেশে স্পষ্ট হয়েছে।
তবে প্রত্যাবাসনের বড় বাধা বাস্তবতায়। রাখাইনের বিস্তীর্ণ এলাকা এখন মিয়ানমারের জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেই। সেসব অঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতা হলেও মাঠপর্যায়ে নিরাপত্তা, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার প্রশ্ন থেকে যাবে।
এ বিষয়টি আন্তর্জাতিক সংকটবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সিও তুলে ধরেছেন। তার মতে, রোহিঙ্গাদের ছেড়ে আসা জমির বড় অংশ এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে রাখাইনে অবশিষ্ট রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে আরাকান আর্মির আচরণও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
সব মিলিয়ে আইসিজের রায় রোহিঙ্গাদের অবিলম্বে ঘরে ফেরাতে পারবে না, মিয়ানমারের সামরিক নেতৃত্বকে সরাসরি গ্রেপ্তারও করতে পারবে না। কিন্তু এর মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রীয় অস্বীকারের বিপরীতে একটি চূড়ান্ত ও বাধ্যতামূলক আন্তর্জাতিক বিচারিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে। এখন সেই সিদ্ধান্তকে বাস্তব পরিবর্তনে রূপ দেওয়ার দায়িত্ব গাম্বিয়া, বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের।
নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক অপরাধের তদন্ত, ক্ষতিপূরণ আদায় এবং প্রত্যাবাসনের জন্য কার্যকর পরিবেশ তৈরিতে দেশগুলো কতটা উদ্যোগী হয়, তার ওপরই নির্ভর করবে এই ঐতিহাসিক রায়ের বাস্তব সাফল্য।
সূত্র: রয়টার্স, গার্ডিয়ান, এপি, আল-জাজিরা


-c63a26.jpg)















