জননিরাপত্তায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, কক্সবাজারে ৭ প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এর বাইরে আরও ৪ প্লাটুন সদস্য প্রয়োজনে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মাঠে নামা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে তারা সক্রিয় রয়েছেন।
মাঠপর্যায়ের সার্বিক অবস্থা তদারকি ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরাসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে সদর দফতর।
নিয়মিত সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক যাতায়াত ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে বাহিনীটি বদ্ধপরিকর।















