প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১৫: ২৩
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পদত্যাগের ঘোষণা দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার অনুরোধে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) বেলা দুইটার পর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। এখন থেকে ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।

ইশরাক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’

সম্প্রতি নিজের নির্বাচনি এলাকায় মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অস্ত্র প্রদর্শন নিয়ে সমালোচনার মুখে পড়েন ইশরাক। এ ঘটনাকে কেন্দ্র করে গত দুই-তিন দিন ধরে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের কিছু অংশ সত্য হলেও কিছু বিষয় অতিরঞ্জিত করা হয়েছে।

এ নিয়ে কল্পকাহিনিও তৈরি করা হয়েছে বলে দাবি করেন ইশরাক। তার ভাষায়, তাকে লক্ষ্যবস্তু বানিয়ে হেয় করা হয়েছে, এতে দলও বিব্রত হয়েছে।

এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক জানিয়েছিলেন, বেলা দুইটায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত ঘোষণা দেবেন। পাশাপাশি সাম্প্রতিক ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য তুলে ধরবেন বলেও জানান তিনি।

এর আগে মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন নিয়ে সমালোচনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়ায়। তবে পরে ইশরাক হোসেন এ খবর সঠিক নয় বলে দাবি করেন।

সোমবার দুপুর দুইটার দিকে বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জাতীয় প্রেসক্লাবে পৌঁছান ইশরাক। জনসমাগমকে কেন্দ্র করে প্রেসক্লাব প্রাঙ্গণে বিশৃঙ্খলা দেখা দেয়। সংবাদ সম্মেলন শুরুর আগে ‘মোবাইল সাংবাদিকদের’ বের হয়ে যেতে বলা হলে এ নিয়ে হট্টগোল হয়। পরে সব সাংবাদিকের উপস্থিতিতেই সংবাদ সম্মেলন শুরু করেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement