স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপের অভাবের কারণে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অভিযানে নামতে হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার মতে, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায়ে ইশরাককে ভুগতে হচ্ছে।
সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইশরাক হোসেন নতুন করে রাজনীতিতে এসেছেন। মাদক নির্মূলের উদ্দেশ্যেই তিনি অভিযানে নেমেছিলেন বলে মনে করেন এনসিপির এই নেতা। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ইশরাক ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘সমস্যাটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খাইল ইশরাক ভাই? অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এই পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। মাঝখান দিয়ে ইশরাক ভাই ফাঁদে পড়ে গেলেন।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন নাসীরুদ্দীন। তিনি বলেন, ‘রোম যখন পুড়ছিল, নিরু তখন বাঁশি বাজাচ্ছিল। দেশের আইনশৃঙ্খলার বাজে অবস্থা, আর সালাউদ্দিন সাহেব সংবিধান নিয়ে ব্যস্ত আছেন।’
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে খবর প্রকাশিত হয়। রোববার রাতে ইশরাক ওই নির্দেশনার খবরকে গুজব বলে দাবি করলেও সোমবার সকালে তিনি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।














-4ba358-256x144.webp)

