পদত্যাগ করবেন প্রতিমন্ত্রী ইশরাক, দুপুরে সংবাদ সম্মেলনে ঘোষণা

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া বিএনপি নেতা ইশরাক হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বলেছেন, সংবাদ সম্মেলন করে নিজেই এ ঘোষণা দেবেন, সাংবাদিকদের মুখোমুখি হবেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে রাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশ, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা বিবৃতি গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তা অস্বীকার করেন।
সকালে ইশরাক নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আজ (সোমবার) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবো এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
তিনি সমালোচনার শিকার হওয়ার ঘটনায় অনেকে উল্লাস করেছেন বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। লিখেছেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’
প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও বিএনপির একজন কর্মী হিসেবে উদ্দীপনার সঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন পুরান ঢাকার এ বিএনপি নেতা। লিখেছেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’
আরও বেশি বেশি কাজ করার ঘোষণা দিয়ে ইশরাক লিখেছেন, ‘পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!
এর আগে শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের অস্ত্র হাতে অংশ নেওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে ইশরাক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করছেন। তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়।
এ নিয়ে নিজের অবস্থান জানিয়ে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইশরাক দাবি করেন, নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কা থেকে আত্মরক্ষার জন্য তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। পরে পুলিশের উপস্থিতিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক এবং মাদকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছে। এ ঘটনায় আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ডিএমপি।
এর মধ্যে রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, এ দিন বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এ বিষয়টি নিশ্চিত করে সরকারের দায়িত্বশীল কেউ বক্তব্য দেননি। তবে রোববার রাত ১০টা ৩৪ মিনিটে বিটিভিতে একটি স্ক্রল প্রচারিত হয়। তাতে লেখা ছিল, ‘মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর’।
পরে রাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক বিবৃতিতে তিনি বলেন, আজ (১৮ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বা তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।













-3415dc-256x144.webp)






