সরকারি দপ্তরে ৫ লাখের বেশি পদ শূন্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: সংগৃহীত
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও অধিদপ্তরে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগ দিতে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান। সরকারদলীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৫ সালের জুন পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী সরকারি এসব পদ শূন্য রয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে শূন্য পদের শ্রেণিভিত্তিক তথ্যও তুলে ধরেন প্রতিমন্ত্রী। বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রথম শ্রেণির ৭৩ হাজার ৩৮০টি, দ্বিতীয় শ্রেণির ১ লাখ ২৯ হাজার ২৪৬টি, তৃতীয় শ্রেণির ১ লাখ ৭৯ হাজার ৫৪২টি এবং চতুর্থ শ্রেণির ১ লাখ ৩৫ হাজার ৩৩৮টি পদ শূন্য রয়েছে। এ ছাড়া অন্যান্য পদে শূন্য রয়েছে ৪ হাজার ৪১৬টি।

শূন্য পদ পূরণে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আব্দুল বারী। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সর্বশেষ নিয়োগ পরিস্থিতি এবং শূন্য পদে নিয়োগের তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদ পূরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির অনুরোধও জানানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ ইতিমধ্যে নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

সম্পূরক প্রশ্নে খায়রুল কবির খোকন জানতে চান, বিগত সরকারের আমলে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ, দলীয় বিবেচনা, দুর্নীতি ও অন্যান্য অনৈতিক উপায়ে নিয়োগ পাওয়া ব্যক্তিদের তদন্ত করে চিহ্নিত করা হলে তাঁদের বাদ দিয়ে যোগ্যদের নিয়োগের পরিকল্পনা রয়েছে কি না। জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতের নিয়োগ নিয়ে অভিযোগ এলে বা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেলে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের পদক্ষেপে নতুন শূন্য পদ তৈরি হলে সেগুলোও মেধা ও যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হবে।

এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নিয়োগ কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, পাঁচ মাস ২২ দিন আগেও একই তথ্য সংসদে দেওয়া হয়েছিল। তার অভিযোগ, মন্ত্রণালয়ের দেওয়া পুরোনো উত্তরই আবার পড়ে শোনানো হয়েছে; নতুন নিয়োগের সংখ্যা বা কবে নাগাদ নিয়োগ হবে, সে বিষয়ে স্পষ্ট পরিকল্পনা জানানো হয়নি। জবাবে প্রতিমন্ত্রী বলেন, নিয়োগ কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে এবং ছয় মাস পরপর তথ্য হালনাগাদ করা হয়। জেলা থেকে কেন্দ্রীয় পর্যায় এবং সরকারি কর্ম কমিশনসহ বিভিন্ন দপ্তরের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বছরের শেষ নাগাদ কতগুলো নিয়োগ সম্পন্ন হয়েছে, তা সংসদকে জানানো হবে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সীমান্ত এলাকাগুলোতে স্বাভাবিক নিয়মে গোয়েন্দা কার্যক্রম চলছে। কোনো অপরাধ সংঘটিত হলে বা হওয়ার আশঙ্কা থাকলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সরকার তা জানতে পারে। অন্যদিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, জনপ্রশাসন ও এর আওতাধীন দপ্তর-সংস্থায় ছয় মাসে ২ হাজার ৮৭৯টি, এক বছরে ৪ হাজার ৪৪৯টি এবং পাঁচ বছরে ৩ হাজার ১১০টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad