ফতুল্লায় মাদরাসায় আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে: প্রতিমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আহত মাদরাসাশিক্ষার্থীদের দেখতে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। ছবি: সংগৃহীত
আহত মাদরাসাশিক্ষার্থীদের দেখতে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসায় অগ্নিকাণ্ডে আহত শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। একই চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখভালের জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

তিনি বলেন, “যারা আছেন, তাদেরকে পরিচর্যার জন্য দুইটি মেডিকেল বোর্ড ইতোমধ্যেই গঠন করা হয়েছে এবং তাদের যত রকমের পরীক্ষা-নিরীক্ষা লাগছে ইনভেস্টিগেশন, সেগুলো সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে।” প্রতিমন্ত্রী জানান, দুটি মেডিকেল বোর্ডে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদরাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এতে ওই তলার লাইব্রেরি পুড়ে যায়। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনের ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এ সময় অনেকে হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। অগ্নিকাণ্ডে আহত ৭৯ শিক্ষার্থীকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের মধ্যে ১৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কারও শরীর দগ্ধ হয়নি। তবে অনেকের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শিক্ষার্থীদের শারীরিক অবস্থা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, “এই অগ্নিকাণ্ডের ফলে তাদের শ্বাসনালীতে বড় ধরনের সমস্যা হয়েছে। তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাদের যে শ্বাসনালী সেখানেও কিছু ইনজুরি হয়েছে।”

আগুনের ধোঁয়া কীভাবে শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করেছে, তা ব্যাখ্যা করে তিনি বলেন, “মূলত মাদ্রাসাটি বহুতল একটা ভবন, সেখানে দোতলায় একটা লাইব্রেরি ছিল এবং প্রশাসনিক অংশটা ছিল। সেখানে থেকে অগ্নিকাণ্ডের সূচনা।”

“ফলে উপরতলাগুলোতে তিনতলায়, চারতলায় এই মাদ্রাসার ছাত্ররা ছিল। উপরের দিকে ধোঁয়া ব্যাপক আকারে যাওয়ায় তাদের শ্বাসনালীতে ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটা জিনিস যেটা যে, তারা ভয়ার্তভাবে যখন ছুটাছুটি করে এবং যে মেন্টাল ট্রমা— এসব মিলিয়ে তারা আহত অবস্থায় হাসপাতালে আসে,” বলেন তিনি।

আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা প্রথম থেকেই তাদের অত্যন্ত যত্ন সহকারে সঠিকভাবে চিকিৎসা দিয়েছেন। আমাদের ডাক্তাররা দুইটা মেডিকেল বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা রোগীকে নিবিড় পরিচর্যায় যথাযথভাবে চিকিৎসা দিচ্ছেন। অনেকেই মোটামুটি রিকভার করছেন।”

তিনি বলেন, “আমরা আশা করি যে, আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে আরো প্রায় ৩০ জনকে আমরা ছুটি দিয়ে দিতে পারব। বাকি যারা আছেন, তারা এখন পর্যন্ত ভালো আছেন।” আইসিইউতে থাকা চার শিক্ষার্থীর বিষয়ে তিনি বলেন, “তাদেরকে আইসিইউ যথাযথভাবে দেখা হচ্ছে, ইনশাল্লাহ তারাও রিকভার করবেন।”

এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ‘প্রায়ই ঘটে’ উল্লেখ করে প্রতিমন্ত্রী এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বার্ন ইনস্টিটিউটের বিশেষায়িত চিকিৎসাসেবা ঢাকার বাইরেও ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

মাদরাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ব্যবহারের নিয়ম নিয়ে এক প্রশ্নের জবাবে এম এ মুহিত বলেন, “ঘটনা ঘটে, আগুনের দুর্ঘটনা হয়; এটা তো আমাদের একটা সিস্টেমেটিক প্রবলেম। এটা শুধু যে এই মাদরাসাতে তাই নয়; মাদরাসা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা নিজেরা ভাড়া নিয়ে হোস্টেল বানিয়ে থাকে।”

“আসলে একটা বিল্ডিং রেগুলেশনের ব্যাপার আছে, কী পারপাসে বিল্ডিংটা তৈরি হয় এবং কী পারপাসে ইউজ হয়। আমরা দেখেছি এর আগে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে আগুন লাগছে; ওগুলো কিন্তু হোটেল রেস্টুরেন্টের জন্য ডিজাইন করা না। আবাসিক ভবনগুলো বড় রাস্তার পাড়ে হলে আমরা এগুলাকে কমার্শিয়াল হিসেবে ইউজ করছি,” বলেন তিনি।

ভবন নির্মাণ ও ব্যবহারে নিয়মকানুন মানার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “একইভাবে মাদরাসার ওটাও হয়তো মাদরাসার জন্য ডিজাইন করা কোনো প্রতিষ্ঠান না। একটা বাসা-বাড়িকে বা ওরকম একটা বিল্ডিংকে কনভার্ট করা হয়েছে। এ ব্যাপারে আমার মনে হয় যে বিল্ডিং রেগুলেশন এবং সিস্টেমেটিক যে পলিসি চেঞ্জগুলো আসা দরকার, সেগুলোর দিকে আমাদের মন দিতে হবে। সার্বিকভাবে আমাদের এই বিল্ডিংয়ের ব্যবহার এবং বিল্ডিং গড়ে তোলাটাকে আরো সুন্দরভাবে রেগুলেট করা দরকার।”

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “এখন পর্যন্ত আমি সর্বশেষ যেটুকু শুনেছি, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো বলা হয়নি। তবে যেটা ধারণা করা হচ্ছে যে ওইখানে এডমিনিস্ট্রেটিভ উইং এবং লাইব্রেরি ছিল, সেখানে সম্ভবত শটসার্কিট হয়ে থাকতে পারে।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad