৪ বছর পর দুদকে ফিরলেন শরীফ, পাবেন বকেয়া বেতন-ভাতা-জ্যেষ্ঠতাও

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মো. শরীফ উদ্দীন। ছবি: সংগৃহীত
মো. শরীফ উদ্দীন। ছবি: সংগৃহীত

চাকরি থেকে অপসারণের প্রায় চার বছর পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) পুনর্বহাল হলেন উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দীন। ২০২২ সালে তাকে চাকরিচ্যুত করার আদেশ প্রত্যাহার করে নিয়েছে কমিশন। মঙ্গলবার দুদক চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, বিধি অনুযায়ী শরীফ উদ্দীন তার জ্যেষ্ঠতা, সব বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় চাকরি হারান শরীফ। দুদক কর্মচারী চাকরি বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধিতে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে তাকে অপসারণ করা হয়েছিল। এর ১১ দিন পর, ২৭ ফেব্রুয়ারি চাকরি ফিরে পেতে কমিশনে আবেদন করেন তিনি। তবে কমিশন সেই আবেদন বিবেচনা করেনি। ১৭ মে চিঠি দিয়ে তাকে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

চাকরিচ্যুতির আদেশ এবং যে বিধি প্রয়োগ করে তাকে অপসারণ করা হয়েছিল, তার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেন শরীফ। একই সঙ্গে পুনর্বহালের আবেদন নিষ্পত্তিতে দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেওয়ার আবেদন জানান। ২০২৫ সালের ৯ জুলাই বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাই কোর্ট বেঞ্চ তার পক্ষে রায় দেয়। আদালত অপসারণের আদেশ বাতিল করে রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে চাকরিতে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি জ্যেষ্ঠতা ও প্রাপ্য সব সুযোগ-সুবিধা দেওয়ার আদেশ দেওয়া হয়।

হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার উদ্যোগ নিয়েছিল দুদক। কমিশনের পক্ষ থেকে আপিলের অনুমতি চেয়ে আবেদন করা হলেও চলতি বছরের ৩০ সেপ্টেম্বর কমিশনের সভায় সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। পরে ১৫ অক্টোবর আপিল বিভাগে শুনানির সময় দুদক আবেদনটি আর পরিচালনা করেনি। ফলে আদালত আবেদনটি খারিজ করে দেন। এরপর ২৫ অক্টোবর আদালতের রায়ের ভিত্তিতে পুনর্বহালের আবেদন করেন শরীফ। ৫ নভেম্বর কমিশনের সভায় তার আবেদন ও আদালতের রায় পর্যালোচনা করে অপসারণের আদেশ প্রত্যাহার ও চাকরিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সেই সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যেসব অনুসন্ধানে আলোচনায় আসেন শরীফ

দুদকের চট্টগ্রাম কার্যালয়ে প্রায় সাড়ে তিন বছর দায়িত্ব পালনকালে একাধিক আলোচিত দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেন শরীফ উদ্দীন। রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অনিয়মের অভিযোগ অনুসন্ধান করে আলোচনায় আসেন তিনি। ২০২১ সালের জুনে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া ও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ঘটনায় নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের করা মামলাগুলোর বাদী ছিলেন শরীফ।

রোহিঙ্গাদের জাতীয়তা সনদ দেওয়ার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মামলা করেন তিনি। এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করেছিলেন। চট্টগ্রামে দায়িত্ব পালনের পর তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। সে সময় দুদকের পক্ষ থেকে বলা হয়েছিল, একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় চাকরি করায় নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে সেখানে পাঠানো হয়েছে। তবে পটুয়াখালীতে বদলির আট মাসের মাথায় চাকরি হারান তিনি।

চাকরিচ্যুতির আগে ২০২২ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রামের খুলশী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন শরীফ। সেখানে পেট্রোবাংলার এক কর্মকর্তার বিরুদ্ধে বাসায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনেন তিনি। এর ১৬ দিনের মাথায় তাকে চাকরি থেকে অপসারণ করা হয়। তখন শরীফের অভিযোগ ছিল, কক্সবাজারে ভূমি অধিগ্রহণে দুর্নীতি এবং কর্ণফুলী গ্যাসের অনিয়ম অনুসন্ধান করতে গিয়ে প্রভাবশালী মহলের বিরাগভাজন হয়েছিলেন তিনি। এসব অনুসন্ধানের কারণেই তাকে চাকরি হারাতে হয়েছে বলে দাবি করেন শরীফ।

চাকরিচ্যুতি নিয়ে প্রতিবাদ ও বিতর্ক

শরীফ উদ্দীনকে অপসারণের সিদ্ধান্তের পর দুদকের ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা শুরু হয়। কমিশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তার চাকরিচ্যুতি নিয়েও প্রশ্ন তোলে। প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চালানোর কারণেই তাকে বদলি ও চাকরিচ্যুত করা হয়েছিল কি না, তা জানতে চেয়েছিল সংস্থাটি। একই সঙ্গে শরীফকে অপসারণের কারণ স্পষ্ট করার আহ্বান জানায় টিআইবি।

তবে সে সময় দুদক এসব অভিযোগ অস্বীকার করে। ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে তৎকালীন দুদক সচিব মো. মাহবুব হোসেন দাবি করেন, কাউকে লক্ষ্য করে নয়, কমিশনের শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনার স্বার্থে বিধি অনুযায়ী শরীফকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এরপর দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যান শরীফ। শেষ পর্যন্ত ২০২৫ সালের ৯ জুলাই হাই কোর্ট তার চাকরিচ্যুতির আদেশ বাতিল করে। ওই রায়ের বিরুদ্ধে আপিলের উদ্যোগ নিলেও পরে সেই আবেদন আর পরিচালনা করেনি দুদক।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad