হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালালেন হত্যা মামলার আসামি

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন মো. কাউসার মিয়া নামে হত্যা মামলার এক আসামি। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে পালিয়ে যান তিনি।
এ দিন দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে তার পালানোর বিষয়টি জানা যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাসির আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নাসির আহম্মেদ বলেন, আসামি কাউসারকে হাতকড়া পরিয়ে কাঠগড়ায় রাখা হয়েছিল। তবে হত্যা মামলাটির সাক্ষী উপস্থিত না হওয়ায় মঙ্গলবার শুনানি হয়নি। একপর্যায়ে হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান তিনি।
মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বলেন, কাউসারের বাড়ি নেত্রকোনায়। তার বাবার নাম রুকু মিয়া। ঢাকার দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি তিনি। মামলাটির বিচার চলছে। মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।
রিপন মোল্লা জানান, সকালে কাউসারকে কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে সেখান থেকে হাতকড়া পরিয়ে তাকে আদালতে নেওয়া হয়। তাকে আদালতে আনা ও পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। একপর্যায়ে হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান কাউসার।















